বাংলাদেশ সন্ত্রাসী-দখলদার-বাটপারের জায়গা নয়
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়াশ্রম নয়; এমনকি কোনো ভূমি দখলদার, গুণ্ডা, চোর বা বাটপারের জায়গা নয়। বিগত সরকারের আমলে যারা দাঙ্গা-হাঙ্গামা করেছে, অর্পিত সম্পত্তি দখল করেছে, তাদের বিচার করা হবে।আজ রোববার বেলা দুইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় যাওয়ার পথে বায়েক এলাকায় এক পথসভায় এ কথা বলেন। এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের অধিকারে বিশ্বাস করি। এর অর্থ এই নয় যে কিছু লোককে মানবাধিকার লঙ্ঘনের অধিকার দেওয়া হবে। যারা হরতালের নামে অন্যের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে, ব্যবসা-বাণিজ্য বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’বিকেলে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে মহীউদ্দীন খান আলমগীরকে সংর্বধনা দেওয়া হবে। এ উপলক্ষে কচুয়ার প্রায় ২০ কিলোমিটার রাস্তায় ২০০টির মতো তোরণ নির্মাণ করা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়।হরতালকারীরা একটি রাজনৈতিক দলের অনুসারীস্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর যাওয়ার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় হরতাল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিনটি জেলাকে আজকের হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে? এই কারণে দেওয়া হয়েছে—কেননা যারা হরতাল ডেকেছে, তারা নিঃসন্দেহে একটি রাজনৈতিক দলের অনুসারী। সেই রাজনৈতিক দলের অনুসারী হিসেবে ধর্মকে পুঁজি করে মানুষের যে ভোগান্তির সৃষ্টি করেছে, এ জন্য তাদের জবাবদিহি করতে হবে।’প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সফর উপলক্ষে দিনাজপুর, রংপুর ও বগুড়া হরতালমুক্ত রাখা হয়েছে।