বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌগোলিক কারণে বাংলাদেশ সন্ত্রাসের ঝুঁকিতে রয়েছে। তবে সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ভালো পদক্ষেপ নিয়েছে। এক দেশের সন্ত্রাসীরা যাতে অন্য দেশে আশ্রয় নিতে না পারে, সে জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সন্ত্রাসবাদবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন। তিনি রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জাতীয় সন্ত্রাস মোকাবিলা কৌশল’ শীর্ষক এই কর্মশালায় বক্তৃতা করেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অঙ্গসংগঠন ডিফেন্স ইনস্টিটিউশন্স রিফর্ম ইনিশিয়েটিভের (ডিআরআরআই) সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) দুই দিনের এ কর্মশালার আয়োজন করে।মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সন্ত্রাস মোকাবিলায় বেশ আন্তরিক। এ ব্যাপারে প্রত্যেক দেশের মতো বাংলাদেশেরও সুনির্দিষ্ট কৌশল থাকা দরকার। মার্কিন রাষ্ট্রদূতের মতে, সন্ত্রাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘অপরাধীরা যাতে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে না পারে, এ জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে।’বিইআইয়ের সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইআরআইয়ের সমন্বয়কারী জন হানসেন। হানসেন তাঁর প্রবন্ধে বলেন, সন্ত্রাস মোকাবিলায় প্রত্যেকটি স্বাধীন দেশের নিজস্ব কৌশল থাকতে হবে। আর এর আওতায় কাজ করবে সংস্থাগুলো। কৌশলে অবশ্যই কর্মকৌশল, করণীয়, প্রতিরোধ কৌশল, প্রতিকারের বিষয়টি গুরুত্ব পাবে। এতে অবশ্যই সুস্পষ্ট দিকনির্দেশনা থাকতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে সন্ত্রাস মোকাবিলায় ভালো করছে। বর্তমান সরকার এ ব্যাপারে অনেক আন্তরিক। এ ক্ষেত্রে আঞ্চলিক সমন্বয় বাড়াতে হবে।’