বাংলাদেশ সফরে আসছেন প্রণব ও মমতা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দেশের মধ্যে বিশেষ ট্রেনের নাম নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। শেখ হাসিনার প্রস্তাবে খুব সম্ভবত ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিবাচক সাড়া দেবেন। দুই দেশের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক সপ্তাহের মধ্যেই ঢাকা সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়েরও একই সঙ্গে ঢাকা সফর করার কথা। ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নেতাদের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রণব মুখোপাধ্যায় এর আগে ২০০৯ সালের প্রথম দিকে শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরপরই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে গিয়েছিলেন।তাঁদের সফরসূচি তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিও তাঁদের সফরসঙ্গী হবেন বলে জানা গেছে। এর আগে ধারণা করা হয়েছিল, তাঁরা জুলাই মাসের প্রথম সপ্তাহে ঢাকা যাবেন। কিন্তু তাঁদের সফরসূচির নির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরটিকে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গে ২০১১ সালের বিধানসভা নির্বাচনটি খুবই কাছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এপার বাংলা ওপার বাংলা’ ট্রেনটির নাম পরিবর্তনের পরামর্শ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন। যেহেতু দুই দেশেরই জাতীয় সংগীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির নাম ‘সোনার তরী’ রাখার প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার এই নামের প্রস্তাবনাটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই মৈত্রী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ সুদৃঢ় হয়েছে। ভারত বাংলাদেশকে রেল অবকাঠামো তৈরির আশ্বাস দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন গত জানুয়ারি মাসে ভারত সফরে আসেন, তখন আখাউড়া-আগরতলা রেলসংযোগ ভারতের অর্থায়নে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ভারত বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের অর্থ সাহায্য দেওয়ারও প্রস্তাব দিয়েছে। এ অর্থায়নে রেলইঞ্জিন, যাত্রীবাহী বগি এবং সৈয়দপুরের কারখানাটিকে পুনর্বাসন করা হবে। ভারত একটি মালবাহী ট্রেন চালু করারও প্রস্তাব দিয়েছে এবং খুঁটিনাটি বিষয়েও কাজ করছে। এতে করে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন।