বাংলাদেশ সফরে নয় দেশের ২০ সাংবাদিক
ছয় দিনের সফরে বাংলাদেশ আসছেন নয় দেশের ২০ জন সাংবাদিক। ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত তাঁরা বাংলাদেশে থাকবেন। এ সময় তাঁরা সুন্দরবন, মংলাবন্দরসহ বিভিন্ন স্থান দেখবেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভিজিট বাংলাদেশ প্রোগ্রামের আওতায় অস্ট্রেলিয়া, চীন, ইরান, ওমান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের সাংবাদিকেরা এ সফরে আসছেন। সফরকালে তাঁরা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এবং গাজীপুরের স্কয়ার ফার্মা ঘুরে দেখবেন তাঁরা। ঢাকার বাইরে মংলাবন্দর এবং হেরিটাইজ সাইট সুন্দরবন সফরেও যাবেন তাঁরা। এ সফরে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করেছে। এর আগে মার্চ মাসে সাংবাদিকদের আরেকটি দল বাংলাদেশ সফর আসে।