বাংলাদেশ সফরে মমতাকে সফরসঙ্গী চাইছেন মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের লোকসভার বর্ষাকালীন অধিবেশনের পর বাংলাদেশ সফরে যাবেন। এই সফরে দুই দেশের মধ্যে তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি সম্পাদনের কথা রয়েছে।ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক কর্মকর্তা আজ সোমবার কলকাতার এক সংবাদপত্রকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যেতে চান। মনমোহন সিংয়ের ইচ্ছা তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তে মমতা উপস্থিত থাকুন।’উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি হয়েছিল। ওই চুক্তি স্বাক্ষরে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্য ভূমিকা পালন করেছিলেন। চুক্তি স্বাক্ষরের সময় জ্যোতি বসু উপস্থিত ছিলেন। মনমোহন চাইছেন এবারের চুক্তি সম্পাদনের সময় মমতাও উপস্থিত থাকুন।