বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নিলেন মার্কিন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেছেন। এ সময় প্রেসিডেন্ট ওবামা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর নেন। গত বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন। ওই দিন মহাসচিব বান কি মুন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ সদর দপ্তরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এতে অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্ষিপ্ত সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে সন্ধ্যায় দ্বিতীয় দফা মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতার মধ্যে দ্বিতীয় দফা দেখা হয়। সেখানেও তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। তবে শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ওবামার কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। এদিকে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে অধিক জনশক্তি নেওয়ার জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই দিন দুপুরে নিউইয়র্ক সফররত কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন খলিফার সঙ্গে বৈঠক করেন তিনি। বাংলাদেশে অধিক বিনিয়োগ, নদী খননে কাতার সরকারের সহযোগিতা এবং কাতারে বাংলাদেশি শ্রমিক অধিক নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। দরিদ্র নারীদের দুর্দশা লাঘবে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ‘টিচারস বিল্ডিং’-এ এক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে বিশ্বের দরিদ্র নারীদের দুর্দশা লাঘবে সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ইউনাইটেড উইমেন ‘গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং খাদ্য ও পুষ্টিগত নিরাপত্তা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ সরকার ও রয়েল ডাচ সরকার এ অনুষ্ঠানের কো-স্পনসরের দায়িত্ব পালন করে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতিসংঘের মহিলাবিষয়ক আন্ডার সেক্রেটারি ও প্রথম নির্বাহী পরিচালক মিচেল ব্যাচেলেট প্রমুখ বক্তব্য দেন।