সংলাপে ভারতের স্বরাষ্ট্রসচিব
বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর ঘোষণা দিতে পারে দিল্লি
ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেছেন, বাংলাদেশ সীমান্তে গোলাগুলিতে বেসামরিক প্রাণহানি এড়াতে ভারত এককভাবে এক বছরের জন্য ‘গুলি চালানো নিষিদ্ধ’ ঘোষণা করতে পারে। গতকাল শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ নিরাপত্তা সংলাপে তিনি এ কথা বলেন।অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। সংলাপে সীমান্তে বেসামরিক প্রাণহানি কমানোর ব্যাপারে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব এম কে রাজগোত্রার এক পরামর্শের জবাবে স্বরাষ্ট্রসচিব পিল্লাই বলেন, ‘আমরা বুঝতে পারছি, সীমান্তে গুলিতে বেসামরিক প্রাণহানি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ে।’জি কে পিল্লাই সম্প্রতি বাংলাদেশের জৈন্তাপুর সীমান্তে আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রবেশের বিষয়টি অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু ভারতীয় নাগরিক মাছ শিকারের জন্য ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে জবাবে গুলি ছোড়ে বিএসএফ।জি কে পিল্লাই বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট চার হাজার ৯৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ছয় দশমিক এক কিলোমিটার সীমানা অমীমাংসিত। কিন্তু গত ১০ বছরে এ সমস্যা সমাধানের ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এ সমস্যা সমাধানে যৌথ টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন তিনি।ভারতের স্বরাষ্ট্রসচিব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক দ্রুত জোরদার করা প্রয়োজন। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে মাইলফলক উল্লেখ করে জি কে পিল্লাই বলেন, এ অর্জনের বাস্তব প্রতিফলন না ঘটলে তা কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকবে।জি কে পিল্লাই বলেন, এবার ঢাকায় ভারতীয় মিশন বিপুলসংখ্যক বাংলাদেশিকে ভিসা দিয়েছে। এর আগে বাংলাদেশিদের ভারত ভ্রমণের জন্য ভিসা সহজ করে দেওয়া হয়। তিনি বলেন, ভ্রমণের ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমোদনকে অগ্রাধিকার দিয়ে থাকে ভারত। ভারত এমন দেশের তালিকাও করেছে। বাংলাদেশকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিও ভারত সরকার বিবেচনা করছে বলে উল্লেখ করেন তিনি। চোরাচালান বন্ধ ও বৈধভাবে অর্থনৈতিক কার্যক্রম চালানোর জন্য সীমান্তে বাজার উন্নয়নের পরামর্শ দেন ভারতের পররাষ্ট্রসচিব।জি কে পিল্লাই বলেন, সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধের ব্যাপারেও একটি সমাধানে আসতে হবে। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক মাসে বাংলাদেশের সহযোগিতা ‘সন্তোষজনক’। তিনি বলেন, সন্ত্রাসবাদ দেশভিত্তিক নয়। তাই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান করা প্রয়োজন।ভারতীয় জাল মুদ্রা প্রসঙ্গে পিল্লাই বলেন, এর সঙ্গে জড়িত মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের অপরাধীরা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে।