শেষ পর্যন্ত ঢাকা টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের অপরাজিত শতরান ও কেভিন পিটারসেনের অপরাজেয় ৭৪ দলের জয় নিশ্চিত করেছে। জয়টা নিশ্চিত অবশ্য হয়ে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৮৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরপরই। জয়ের জন্য ২০৯ রান করতে হবে—এমন একটি লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইংল্যান্ড সেরেছে কেবল আনুষ্ঠানিকতা। আর বাংলাদেশের জন্য অনেক আশাজাগানিয়া ঢাকা টেস্ট হয়ে রইল আরেকটি আক্ষেপের ইতিহাস হয়ে।অনেকে বলতে পারেন, ঢাকা টেস্ট পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত টেনে নিয়ে যাওয়াই বাংলাদেশের সাফল্য। কিন্তু চতুর্থ দিন দ্বিতীয় সেশন পর্যন্ত যে টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল, সেই টেস্টে এই বিশাল পরাজয়ের জন্য দায়ী করা যেতে পারে কেবল বাংলাদেশের ব্যাটসম্যানদের টেম্পারামেন্টকেই। টেস্ট ম্যাচে উইকেটে সময় কাটাতে পারার যে অনভ্যাস বাংলাদেশের ব্যাটসম্যানদের রয়েছে, তা নিয়ে ইংল্যান্ডের মতো একটি অভিজ্ঞ ও পেশাদার দলের বিরুদ্ধে টেস্টে ভালো করার আশা একটু বাড়াবাড়িই। ঢাকা টেস্ট সেই ব্যাপারটিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের অভাব যদি টেস্ট ম্যাচে জয়-পরাজয়ের নিয়ামক হয়, তাহলে আম্পায়ারিংয়ের প্রসঙ্গটিও টেনে নিয়ে আসতে হয়। টেস্ট অঙ্গনে আম্পায়ারদের বিমাতাসুলভ সিদ্ধান্তের সবচেয়ে বড় শিকার খুব সম্ভবত বাংলাদেশ। ঢাকা টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে অন্তত চারবার ইংল্যান্ডের সেরা খেলোয়াড়েরা নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেছেন আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে নিদেনপক্ষে দুটোও যদি বাংলাদেশের পক্ষে আসত, তাহলে আজ পঞ্চম দিনের শেষে এই প্রতিবেদন অন্যভাবে লিখতে হতো।এর আগে সাকিব আল হাসানের সংগ্রামী ৯৬ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৫ রান। পঞ্চম দিন সকালে সাকিব ও শফিউলের ৬৩ রানের জুটি প্রতিরোধের স্বপ্ন দেখাতে শুরু করেছিল। শফিউল ২৮ রান করে আউট হয়ে যাওয়ার পর নাঈম ইসলাম অল্প সময়ের মধ্যে আউট হয়ে গেলে সেই প্রতিরোধের স্বপ্ন ধুলোয় মিশে যায়, তার পরও সাকিব স্রোতের বিরুদ্ধে গিয়ে লড়াই করে ইংল্যান্ডের সামনে দুই শতাধিক রানের লক্ষ্যমাত্রা দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৯৬ রানে আটকে যান তিনি ট্রেডওয়েলের বলে ম্যাট প্রিওরের হাতে স্ট্যাম্পড হয়ে।জয়ের জন্য ২০৯ রান করতে হবে—এমন লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের পেশাদারি ও ব্যাটিং শৃঙ্খলার সমন্বয় ঘটায় খুব চমত্কারভাবে। বাংলাদেশের শেষ ভরসা স্পিন আক্রমণকে মাটিতে নামিয়ে এনে অ্যালিস্টার কুক ও কেভিন পিটারসেন ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের বন্দরে। বাংলাদেশের একমাত্র সাফল্য জোনাথন ট্রটকে রান আউটের ফাঁদে ফেলা। সব মিলিয়ে স্বপ্নচূড়ায় থাকা বাংলাদেশের জন্য ঢাকা টেস্ট পরিণত হলো নিতান্তই এক সাধারণ টেস্টে। যেখানে কাগজে-কলমের ফলটাই বড় নিষ্ঠুরভাবে দেখা দেয়। রেকর্ডবুকে থাকবে বাংলাদেশ টেস্টটা হেরেছে এবং তা বড় ব্যবধানেই।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ৪১৯ (প্রথম ইনিংস) তামিম ইকবাল ৮৫, মাহমুদউল্লাহ ৫৯, নাঈম ইসলাম ৫৯*, শফিউল ৫৩, সাকিব আল হাসান ৪৯সওয়ান ৪/১১৪, ব্রেসনান ২/৫৭ইংল্যান্ড ৪৯৬ (প্রথম ইনিংস)ইয়ান বেল ১৩৮ ব্রেসনান ৯১সাকিব ৪/১২৪বাংলাদেশ ২৮৫ (দ্বিতীয় ইনিংস)সাকিব ৯৬, তামিম ৫২ট্রেডওয়েল ৪/৮২ইংল্যান্ড ২০৯/১ (দ্বিতীয় ইনিংস)অ্যালিস্টার কুক ১০৯*, পিটারসেন ৭৪*ফলাফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী