চট্টগ্রাম ও মংলা বন্দর নেপাল এবং ভুটানকেও ব্যবহার করতে দেওয়া হবে: শেখ হাসিনা
বাংলাদেশই বেশি লাভবান হবে
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর শুধু ভারতই নয়, নেপাল এবং ভুটানকেও ব্যবহার করতে দেওয়া হবে। আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে যেভাবে করা উচিত, সেভাবেই করা হবে; শুধু দ্বিপক্ষীয়ভাবে নয়। আর সেটা করা হবে দেশের স্বার্থ রক্ষা করেই। বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর কোন পদ্ধতিতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তাঁর ভারত সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে গতকাল বুধবার সকালে বলেন, ‘বাংলাদেশের জনগণের জন্য বন্ধুত্ব ও সহযোগিতা নিয়ে দেশে ফিরছি।’ শীর্ষ বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, তাতে বাংলাদেশই বেশি লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, এ সফরের মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার বিপুল জনগোষ্ঠীর উন্নত জীবনের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।দিল্লির মৌর্য শেরাটন হোটেলের কমলমহল বলরুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বাংলাদেশের নেত্রী তাঁর সফর নিয়ে কথা বলেন। ৪০ মিনিটের সংবাদ সম্মেলনে তিনি বেশ সাবলীলভাবে বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভারতীয় সাংবাদিকদের বেশির ভাগ প্রশ্ন ছিল সন্ত্রাসবাদ দমন বিষয়ে। আর বাংলাদেশের সাংবাদিকেরা জানতে চান, ভারত সফরের ফলে দেশ কী পেল, সে সম্পর্কে। তাত্ক্ষণিকভাবে কোন বিষয়টি বাংলাদেশের জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে—এ প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ভারতের ১০০ কোটি ডলারের (প্রায় সাত হাজার কোটি টাকা) ঋণসহায়তা আমাদের অনেক উপকারে আসবে।’চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে শুধু ভারতকে ট্রানজিট ও কানেকটিভিটি দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আজকের দিনে তো দরজা আটকে বসে থাকতে পারি না। সব ঘরে তো কাঁটা মেরে বসে থাকতে পারি না। আমাদের দুটি সম্পদ আছে—চট্টগ্রাম ও মংলা বন্দর। নেপাল ও ভুটানও যাতে এসব বন্দর ব্যবহার করতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে। ভারতও বাংলাদেশকে নেপাল ও ভুটানে ট্রানজিট দিচ্ছে। পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন এবং দেশের স্বার্থ সমুন্নত রেখেই এটা করা হবে।’এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের পরিবর্তন হবে কি না, জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘যাঁরা ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব পোষণ করেন, তাঁদের মনোভাবের কোনো পরিবর্তন হবে না। আমি তাঁদের মানসিকতা বদলে দিতে পারব না। সাধারণ মানুষকে আমি বদলে দিতে পারি। কারণ, তাঁরা উন্নত জীবন চান। তা ছাড়া প্রতিবেশী দেশ হিসেবে আমরা তো ভারতের সঙ্গে ঝগড়া করতে পারি না। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রেখেই আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।’দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি হবে কি না, ভারতীয় সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সন্ত্রাসবাদ দমনে যেসব চুক্তি হয়েছে, তা পর্যাপ্ত। এ চুক্তির আওতায় যদি আমরা কাজ করতে চাই, আমি মনে করি, আমাদের একসঙ্গে কাজ করা সম্ভব। বন্দী প্রত্যর্পণ চুক্তি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে।’ এ চুক্তির আওতায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফেরত দেবে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কোনো একজনের নাম নিয়ে এখানে আলোচনা করতে আসিনি। ভারতেও বাংলাদেশের অনেক অপরাধী আছে। এটা দুই দেশেরই অভিন্ন সমস্যা। আমি সুস্পষ্টভাবে আবারও বলছি, বাংলাদেশ তার ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবে না। তেমনি ভারতও তাদের দেশে এ ধরনের তত্পরতা নিয়ন্ত্রণ করবে।’ তিনি বলেন, ‘মনে রাখতে হবে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, দেশ নেই। ইসলাম শান্তির ধর্ম। এতে সন্ত্রাসের কোনো স্থান নেই।’পাকিস্তান জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এগিয়ে না এলে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা সত্ত্বেও এ অঞ্চলে সন্ত্রাসবাদ বন্ধ সম্ভব কি না, ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিষয়টি পাকিস্তানের কাছে জানতে চাইলেই ভালো। তবে বিভিন্ন সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপের সূত্র ধরে বলেন, ‘আমার ধারণা, এ ব্যাপারে তাঁরাও একই মনোভাব পোষণ করেন।’অতীতে ভারতীয় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, অতীতে বাংলাদেশে অন্য দল ক্ষমতায় ছিল। তাদের নীতি ও আদর্শ আলাদা। তাদের কারও সঙ্গে দেখা হলে প্রশ্ন করবেন, তারাই এর ভালো উত্তর দিতে পারবে।তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে এ সফরে কোনো অগ্রগতি হয়েছে কি না? প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন নদীসহ তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তাঁর সরকার ক্ষমতায় আসার পর এবার কারিগরি ও সচিব কমিটির বৈঠক হয়েছে। যৌথনদী কমিশনের মন্ত্রিপর্যায়ের বৈঠক করারও উদ্যোগ নেওয়া হয়েছে।বহুল আলোচিত টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে দুই প্রধানমন্ত্রীর আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে, জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আবারও বলেছেন, “বাংলাদেশের ক্ষতি হবে, টিপাইমুখ বাঁধ প্রকল্পে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।” তা ছাড়া যে বিষয়টির এখনো কোনো অস্তিত্ব নেই, তা নিয়ে কী বলব।’পশ্চিমবঙ্গ সফর কেন বাতিল হলো? শেখ হাসিনা বলেন, ‘উপমহাদেশের বর্ষীয়ান নেতা জ্যোতি বসুর স্বাস্থ্য নিয়ে আমি চিন্তিত। তাঁকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। সময়ের অভাবে তা হলো না। আশা করি, ভবিষ্যতে যাব।’সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফরে ১০ জানুয়ারি রাতে দিল্লিতে আসেন।