বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘অনুকরণীয়’ মনে করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ। তবে এ দেশের সংঘর্ষপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে। তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে শক্তিশালী বিরোধী দল ও বহুদলীয় গণতান্ত্রিকব্যবস্থার ওপর জোর দিয়েছেন তিনি। সফররত জার্মান প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তৃতায় ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মনোভাব প্রকাশ করেন। অন্যদিকে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কে আরও গতি সঞ্চারের আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস্টিয়ান ভুল্ফ। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে জার্মানির প্রেসিডেন্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তিন দিনের সফর শেষে ক্রিস্টিয়ান ভুল্ফের আজ দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক: বাসস জানায়, সন্ধ্যায় বঙ্গভবনে জার্মানির প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষা ৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সফরের মধ্য দিয়ে উন্নততর পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জাহাজ তৈরি, তথ্যপ্রযুক্তি এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে জার্মানি বিনিয়োগ করতে পারে। তিনি জার্মানির জন্য বাংলাদেশ থেকে বিশ্বমানের ওষুধ, তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানির ওপরও গুরুত্বারোপ করেন।জার্মানির প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ বাংলাদেশকে দেওয়া সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বিদ্যু ৎ ও জ্বালানি খাতে বিনিয়োগসহ বাংলাদেশে বাণিজ্য সম্প্র্রসারণের আশ্বাস দেন।সম্পর্কে গতি সঞ্চারে আগ্রহ: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ‘স্থিতিকারক শক্তি’ হিসেবে অভিহিত করেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ। তিনি বলেন, জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার করতে আগ্রহী। রাজধানীর একটি হোটেলে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভুল্ফের সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সবদিক থেকে জোরদার করবে। শেখ হাসিনা বলেন, পণ্য রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য এবং অন্যতম প্রধান উন্নয়ন-সহযোগী হিসেবে বাংলাদেশ জার্মানির সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহতকরণে জার্মান সহযোগিতার প্রশংসা করেন। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে জার্মানির সহযোগিতা সমপ্রসারণের আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী জার্মান প্রেসিডেন্টের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। স্পিকার আবদুল হামিদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ প্রমুখ রূপসী বাংলা হোটেলে আয়োজিত এই মধ্যাহ্নভোজে অংশ নেন। খালেদা জিয়ার সঙ্গে বৈঠক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জার্মান প্রেসিডেন্টকে বলেছেন, আগামী নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দেবে। গতকাল সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বিএনপির চেয়ারপারসন জার্মান প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষা ৎ করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠক শেষে দুই নেতার আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। শমসের মবিন বলেন, প্রেসিডেন্ট ভুল্ফ খালেদা জিয়ার কাছে জানতে চান, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কোন বিষয়গুলোতে বেশি প্রাধান্য দেবে। উত্তরে খালেদা জিয়া অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। এক প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কোনো কথা হয়নি। নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়: জার্মান প্রেসিডেন্ট গতকাল সকালে গ্যেটে ইনস্টিটিউটে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এ দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানতে চান। এ বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ভুল্ফের মতে, নানা কারণে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অনুকরণীয় বাংলাদেশ। তবে দেশের প্রধান দুই দলের শীর্ষনেতার সাংঘর্ষিক আচরণের কারণ তিনি বুঝতে পারছেন না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক জানান, ভুল্ফ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নাগরিক সমাজ। তাঁরা বলেন, সরকার একদিকে মানবাধিকার সমুন্নত রাখার কথা বলছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমানোর কথাও বলছে। তবে কখনো সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি আবার কখনো বা কোনো কোনো রাষ্ট্রীয় সংস্থা এসব ঘটনা ঘটাচ্ছে। নাগরিক সমাজ ও গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করছে কি না এবং তারা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয় কি না, সে সম্পর্কেও জানার আগ্রহ দেখান ক্রিস্টিয়ান ভুল্ফ। এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘অনেক সময় সরকার আমাদের সমালোচনা ইতিবাচক হিসেবে গ্রহণ করতে না, পারলে তা প্রতিকূলতার সৃষ্টি করে। তবে এটিকে পেশাগত সমস্যা হিসেবেই বিবেচনা করি।’ভুল্ফ বেসরকারি সাহায্য সংস্থা নিয়ন্ত্রণবিষয়ক আইনের ব্যাপারে জানতে চাইলে এ ব্যাপারেও তাঁকে মিশ্র প্রতিক্রিয়া জানান বিশিষ্ট নাগরিকেরা। এ মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান ও সুলতানা কামাল, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ফেডারেশন অব এনজিওস বাংলাদেশের (এফএনবি) চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম এবং রিসার্চ ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (রিব) নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা: গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় ক্রিস্টিয়ান ভুল্ফ বলেন, বহু দল এবং শক্তিশালী বিরোধী দল ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জার্মান প্রেসিডেন্ট ওই বক্তৃতা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন। ক্রিস্টিয়ান ভুল্ফ বলেন, বাংলাদেশে গণতন্ত্রায়ণের অনেক সূচক ভালো অবস্থায় রয়েছে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে। এখানকার ধর্মীয় সহমর্মিতা ও সহাবস্থান অনুকরণীয়। এখন জঙ্গিবাদ, অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তনের বিষয়ে একত্রে কাজ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করেন।