নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভবিষ্যতেও বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রসচিব রবার্ট কে ব্ল্যাক গত শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিন সহযোগী ও তৃতীয় স্ত্রীসহ সাইদুরকে ২৪ মে রাজধানীর পূর্ব দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাক বলেন, ‘জেএমবির নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় আমরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই। ২০০৫ সালের আগস্টে দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলাসহ বাংলাদেশের বিচারক, পুলিশ ও সাধারণ লোকজনের ওপর অনেক সহিংস হামলার জন্য দায়ী জেএমবি। অনেক নিরপরাধ লোক তাদের ওই নৃশংস হামলায় বলি হয়েছেন।’বিবৃতিতে তিনি আরও বলেন, সাইদুরের গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক নতুন সাফল্য। ব্ল্যাক আগামী দিনগুলোতেও সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশেকে সহযোগিতা করে যাওয়ার অঙ্গীকার করেন।