বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র করার লক্ষ্যে এগোচ্ছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবি এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে চাপে থাকলেও বাংলাদেশকে পূর্ণাঙ্গ ইসলামি রাষ্ট্রে পরিণত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েই এগোচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় এই মন্তব্য করা হয়েছে। প্রায় দেড় লাখ নতুন কেবেলর সঙ্গে এই বার্তাও গত ৩০ আগস্ট প্রকাশ করেছে জুলিয়ান অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস।উইকিলিকসের প্রকাশ করা বার্তায় মার্কিন কর্মকর্তাদের কাছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ প্রকাশের কথাও জানা গেছে। এ ছাড়া দলটির সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে তাদের কর্মীদের ওপর হামলার ব্যাপারে অনুযোগ করে। বার্তায় অন্য ছাত্রসংগঠনগুলোর মতোই ছাত্রশিবিরও চাঁদাবাজি করে বলে মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা।জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে আলোচনা এবং দলটির মজলিসে শুরায় আলোচিত বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করেই এসব মূল্যায়ন তৈরি করা হয়েছে।২০১০ সালে ঢাকা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবি এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে চাপে থাকলেও জামায়াতের মূল লক্ষ্য বাংলাদেশকে পূর্ণাঙ্গ ইসলামি রাষ্ট্রে পরিণত করা। সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে।মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন ২০১০ সালের ৩ জানুয়ারি ওয়াশিংটনে ‘জামায়াতে ইসলামী: দ্য টরটয়েজ, নট দ্য হেয়ার’ (জামায়াতে ইসলামী: কচ্ছপ, খরগোশ নয়) শিরোনামে ওই তারবার্তা পাঠান।তারবার্তায় বলা হয়, ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হলেও নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন না জামায়াতে ইসলামীর নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন বাড়ানোর মতো স্বল্পমেয়াদি লক্ষ্য নিয়েও জামায়াত চিন্তিত নয়। বরং বাংলাদেশকে পরিপূর্ণ ইসলামি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়েই এগোনোর কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক।বার্তায় বলা হয়, চারদলীয় জোটে থাকলেও জামায়াত মনে করে, তাদের একটি রাজনৈতিক আদর্শ আছে, যা আওয়ামী লীগ বা বিএনপির নেই। জামায়াতের নেতারা মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বলেন, বাংলাদেশের সমস্যাগুলো দূর হবে শুধু ইসলামি রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যমে।জামায়াতে ইসলামী সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোলেও তাদের সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির স্বল্পমেয়াদি লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে তারবার্তায় মন্তব্য করা হয়। মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে আলোচনায় শিবিরের নেতারা অন্য ছাত্রসংগঠনের সঙ্গে তাঁদের বিভিন্ন সংঘর্ষের অসংখ্য ছবি বারবার দেখানোর চেষ্টা করেন। তাঁরা দাবি করেন, সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের শিক্ষানীতির বিরুদ্ধেও শিবিরের মনোভাবের কথা বলা হয় ওই বার্তায়।শিবিরের নেতারা দাবি করেন, তাঁদের তহবিলের একমাত্র উৎস বর্তমান ও সাবেক সদস্যদের দেওয়া চাঁদা। কিন্তু নিকোলাস ডিন মনে করেন, বিএনপি ও আওয়ামী লীগের ছাত্রসংগঠনের মতো শিবিরও চাঁদাবাজি করে।এ ছাড়া ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি ‘জামায়াত প্লিড্স ইটস কেস বিফোর অ্যাম্বাসেডর’ শিরোনামে ওয়াশিংটনে এক বার্তা পাঠান। এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথাবার্তার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠকে আবদুর রাজ্জাক যুদ্ধাপরাধের বিচার নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাব জানতে চান। রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘এই বিচার মানসম্মতভাবে হচ্ছে না।’ জামায়াত মনে করে, এটি একটি মীমাংসিত ইস্যু এবং রাজনৈতিক কারণেই বর্তমান সরকার এই বিচার শুরু করেছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার-সম্পর্কিত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইন নিয়েও আপত্তি আছে জামায়াতের।মার্কিন রাষ্ট্রদূতের ১৬ ফেব্রুয়ারি পাঠানো বার্তায় বলা হয়, ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতের নেতা আবদুর রাজ্জাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে দীর্ঘক্ষণ আলাপ করেন। ওই বৈঠকে রাজ্জাক সেখানে সংঘটিত সহিংসতাকে ‘অমানবিক, দুঃখজনক ও সমর্থনের অযোগ্য’ বলে আখ্যায়িত করেন। মার্কিন রাষ্ট্রদূতকে তিনি বলেন, জামায়াত তদন্তে পূর্ণ সহায়তা দেবে।সরকারের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিত কি না—এই প্রশ্নের জবাবে রাজ্জাক বলেন, সরকার যথাযথ আইনগত পদ্ধতি অনুসরণ করলে এবং সবার জন্য সমানভাবে নিষেধাজ্ঞা কার্যকর করলে তারা তা সমর্থন করতে প্রস্তুত আছেন। রাজ্জাকের অনুরোধেই বৈঠকটির আয়োজন করা হয় বলে বার্তায় উল্লেখ করা হয়। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের অনুরোধ করার কারণ হিসেবে জামায়াতের নেতা সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আদালতের রায়ের কথা বলেন। ওই রায়ের ফলে সরকারের জন্য ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের পথ সুগম হয়। রাজ্জাক মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, আদালত তাঁদের আওতার বাইরে গিয়ে অতি দ্রুতগতিতে রায় দিয়েছেন।উইকিলিকসের এসব তথ্যের বিষয়ে জানতে চাইলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো উইকিলিকসের তথ্য দেখিনি। কাজেই না দেখে আমি কিছু বলতে পারব না।’