ইতিহাস আর সাম্প্রতিক ফর্মের দিকে তাকান, এই বাংলাদেশকে সমীহ করতেই হবে। এমনকি মাশরাফি বিন মুর্তজা না থাকার পরও ওদের মাঠে ওদের হারানো কঠিন হবে।নিজেদের মাঠে বাংলাদেশের পরিকল্পনাটা খুবই সাদাসিধে। স্ট্রোক খেলার জন্য সহায়ক নয় এমন উইকেটই তৈরি করেছে বাংলাদেশ, যাতে ওদের স্পিনাররা প্রতিপক্ষের যন্ত্রণা আরও বাড়াবে। আমার কথা বিশ্বাস না হলে বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকিয়ে দেখুন—১৫ জনের দলে তিনজন মাত্র মিডিয়াম পেসার, সাতজনই স্লো বোলার! এর মধ্যে আবার অধিনায়ক সাকিব আল হাসানসহ তিনজন বাঁহাতি স্পিনার। স্পিনাররা মিলে ৫০ ওভারের মধ্যে ৩৫ ওভারের মতো বল করবে।সুতরাং ডানহাতি ব্যাটসম্যানদের পরিকল্পনা নিয়ে ব্যাট করতে হবে। সঠিক কৌশল নিয়ে এগোতে হবে। বাঁহাতি স্পিনারদের সামলাতে নামাতে হবে বাঁহাতি ব্যাটসম্যানদের। বাংলাদেশের স্পিনার এবং তাদের বৈচিত্র্যের বিপরীতে খুব বেশি কিছু আপনাকে করতেও হবে না।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের ম্যাচগুলোও এর প্রমাণ দেয়। ভারত এখানে পাঁচটি ম্যাচ খেলেছে এবং সব কটিতেই জিতেছে। এর একটিতেও তিন শর বেশি রানের কাজকারবার হয়নি। বাঁহাতি গৌতম গম্ভীর পাঁচটি ম্যাচেই খেলেছে এবং দুটি সেঞ্চুরি করেছে। তাহলে সম্ভবত ভারতের বাঁহাতি ব্যাটসম্যানরা মাঝের ওভারগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।বাংলাদেশের ভালো কিছু ব্যাটসম্যান আছে। তামিম ইকবাল তো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসম্ভব প্রতিভাবান, কিন্তু এখনো নিজেকে শুধরে নিতে না-পারা আশরাফুলকে বাতিল করে দেওয়া যাবে না। ভারত নিশ্চয়ই প্রতিটি মুহূর্তের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকবে। তবে বাংলাদেশকে প্রথম দমকা বাতাসেই উড়িয়ে দেওয়া যাবে না।অহংবোধের কোনো জায়গা এখানে থাকা উচিত নয়। অথবা গত বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো সেই ক্ষতটাকেও সহজভাবে নিয়ে ভারতকে এগিয়ে যেতে হবে মসৃণভাবে। বাংলাদেশের বিপক্ষে জয়টাকে অগ্রাধিকার দিতে হবে। টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মঞ্চ তৈরি করতে হবে।ভারতের একাদশ গড়া নিয়ে একটু সমস্যা আছে। এর মধ্যে একটা হচ্ছে, সুরেশ রায়না না যুবরাজ থাকবে, সেটি এখনো নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে যুবরাজকে নামানো হয়নি। তবে এটি তার একাদশে না থাকার ইঙ্গিত দেয় না। ওদিকে রায়না তার কাজটা ঠিকঠাক করেছে। একজন অধিনায়কের জন্য এমন বিকল্প সব সময়ই আনন্দের। রায়না বা যুবরাজ—দুজনই ভারতের বিশ্বকাপ-যাত্রায় ভূমিকা রাখতে পারে।