বাংলাদেশকে ক্রিকেটের প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কারণে টেস্ট ক্রিকেটের কৌলিন্য নষ্ট হয়ে যাচ্ছে বলে যাঁরা হইচই করেন, তাঁদের ভালো একটা জবাবই দিয়েছেন ডানকান ফ্লেচার। ইংল্যান্ড দলের সাবেক কোচ এই জিম্বাবুইয়ান লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা কলামটি আপনার ভালো না লেগে পারেই নাক্রিকেট পণ্ডিতদের কারও কারও কথামতো কাজ হলে ইংল্যান্ড আবার বাংলাদেশ সফরে যেত আরও অনেক বছর পর। চট্টগ্রাম টেস্টে ১৮১ রানে পরাজিত বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে অবনমিত করে দেওয়ার কথা বলছেন অনেকেই। টেস্ট ক্রিকেটে দুটি বিভাগ করে বাংলাদেশকে দ্বিতীয় ধাপে নামিয়ে দেওয়া হোক বা পুরোপুরিই বাইরে ঠেলে দেওয়া হোক—এমন অনেক মতামত পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন এই দৃষ্টিভঙ্গিটা নিয়েই।বাংলাদেশ কখনো কখনো খুব বাজে খেলেছে, তার পরও তাদের হারাতে ইংল্যান্ডকে খুব ভালো খেলতে হয়েছে। বাংলাদেশের উন্নতিটা তো চট্টগ্রাম টেস্টেও দেখা গেছে। টেস্ট ক্রিকেটে পা রাখার পর থেকে এ পর্যন্ত তাদের পারফরম্যান্সের একটা গ্রাফ আঁকলে ধীরে হলেও রেখাটা ঊর্ধ্বগামীই হবে। জুনায়েদ সিদ্দিকের সেঞ্চুরিটা এ বছরে বাংলাদেশের পঞ্চম। আগের চার বছরে যতগুলো সেঞ্চুরি, ততগুলো সেঞ্চুরি হয়েছে গত আড়াই মাসেই।বাংলাদেশের টেস্ট অভিষেকের পর পার হয়েছে ১০ বছর। এই সময়ে ৬৫টি টেস্ট খেলে তারা তিনটিতে জিতেছে। সমালোচকদের স্মৃতিশক্তি খুব খারাপ। বাংলাদেশের এই রেকর্ড এর আগে নতুন টেস্ট দেশগুলোর রেকর্ডের মতোই। ১৯৮২ থেকে ১৯৯২—টেস্ট ক্রিকেটে নিজেদের প্রথম ১০ বছরে শ্রীলঙ্কা ৩৭টি টেস্ট খেলে জিতেছিল দুটি। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ বছরে ১৪টি টেস্ট খেলা নিউজিল্যান্ডের কোনো জয়ই ছিল না (প্রথম জয়ের দেখা পেতে লেগেছিল ৪৫ টেস্ট)। কোনো সন্দেহ নেই, সেই সময়ও এমন কিছু লোক ছিল, যারা ওই দল দুটোকে বের করে দিতে চেয়েছিল।ড্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের রেকর্ডটা অবশ্য বড় একটা পার্থক্য গড়ে দিচ্ছে। বাংলাদেশের ড্র ৬টি, সেখানে শ্রীলঙ্কার ছিল ১৬টি। শ্রীলঙ্কার ভাগ্য ভালো, তারা মুত্তিয়া মুরালিধরনের মতো একজন বোলার পেয়ে গিয়েছিল, যাঁকে ঘিরে বোলিং আক্রমণটা গড়ে তুলতে পেরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফাস্ট বোলিং। এ সমস্যার দুটো দিক আছে—তাদের ব্যাটসম্যানরা এটা খেলতে পারেন না, আর তাদের সে রকম বোলার নেই। প্রথম দিকটার একটা সমাধান হয়তো করা সম্ভব, কিন্তু পরেরটা অনেক কঠিন।ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ওদের টপ অর্ডারের দুর্বলতা চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেই পরিষ্কার ফুটে উঠেছে। জুনায়েদ সিদ্দিক ও ইমরুল কায়েস দুজনই আউট হয়েছেন বাউন্সারে। জিম্বাবুয়ের হয়ে আমার খেলার দিনগুলোর কথা মনে করেই বলতে পারি, উঠতি কোনো দলের ব্যাটসম্যানদের জন্য প্রতিষ্ঠিত দলের বোলারদের বাড়তি গতির বোলিং খেলা কতটা কঠিন। নেটে বা প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩০ কিলোমিটার গতির বোলিং খেলে হঠাত্ করেই টেস্টে ১৪০ কিলোমিটারের সামনে চমকে যেতে হয়।এই ১০ কিমির পার্থক্যটা এমনিতে খুব বড় কিছু মনে হয় না, কিন্তু কোনো স্পিনারের নিয়মিত ডেলিভারি আর আর্ম বলের পার্থক্যটা চিন্তা করুন! এই ১০ কিমি খুব বেশি বাড়তি কিছু নয়, তবে খুবই কার্যকর। জিম্বাবুয়েতে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে বেসবলের দুজন পিচার নিয়ে এসেছিলাম। টপ লেভেলের গতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নেটে ওরা ১৯ গজ দূর থেকে যত জোরে পারা যায় বল ছুড়ত। শুরুর দিকে আমরা ব্যাটে-বলেই করতে পারতাম না, ধীরে ধীরে মানিয়ে নিয়েছি বাড়তি গতির সঙ্গে। যত দিন না বাংলাদেশ ব্যাটসম্যানদের অনুশীলনের জন্য দ্রুতগতির বোলার পাচ্ছে, তত দিন এমন অপ্রথাগত পদ্ধতি একটা ভালো বিকল্প হতে পারে।গতিসম্পন্ন বোলার বের করা কঠিন কাজ। প্রতিপক্ষ দলে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ফাস্ট বোলার পেতে এমনকি ভারতও গলদঘর্ম হয়ে যাচ্ছে। বাংলাদেশের সমস্যাটাও একই রকম। নিষ্প্রাণ উইকেট আর প্রচণ্ড গরমে বড় রান আপ নিয়ে ১৪০ কিমি গতিতে বোলিং করতে তরুণদের কোনো সময়ই আগ্রহী হওয়ার কথা নয়। একটা উপায় হতে পারে ফাস্ট বোলিং উপযোগী উইকেট বানানো।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, টেস্ট ক্রিকেটের বাইরে যা হচ্ছে সেখানে। এটি বিচার করার আগে আমি বাংলাদেশে গিয়ে ঘরোয়া ক্রিকেট অবকাঠামো পরিদর্শন করতে চাই। টেস্টে সাফল্যের জন্য শক্তিশালী প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্বের সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। দুর্বল অবকাঠামোর ক্রিকেট থেকে উঠে আসা একজন ক্রিকেটার শীর্ষ পর্যায়ে দ্রুত মানিয়ে নেবে, এমন আশা করা যায় না। অবশ্য এতে সময় লাগে। ঘরোয়া কাঠামো নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ ১০ বছর সময় পেয়েছে। ইংল্যান্ড ১০০ বছরেও তা ঠিক করতে পারেনি।আধুনিক ক্রিকেটে বাংলাদেশের অবশ্যই একটি ভূমিকা আছে। ওদের আছে বিপুল ক্রিকেটপ্রেমী মানুষ, যা বড় একটা সম্পদ। খেলাটার উচিত হবে না এই সম্পদ নষ্ট করা। হঠাত্ করেই টেস্ট ক্রিকেটকে দুভাগে ভাগ করে দিলে আগ্রহটা কমে যাবে। ইংল্যান্ডের সফরে যে উত্তেজনা সৃষ্টি হবে, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সফরে তা কখনোই হবে না। আমরা বলেই যাচ্ছি, এমন প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচ টেস্ট ক্রিকেটের জন্য ভালো নয়। কিন্তু খেলাটার জন্য দীর্ঘমেয়াদি উন্নতির কী হবে? বাংলাদেশের উন্নতি হলে তো ক্রিকেটেরই উন্নতি!