বাংলাদেশকে গণতন্ত্রের পথে থাকতে হবে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে থাকতে হবে। কারণ অগণতান্ত্রিক শাসন দেশের জন্য সুখকর হবে না।আজ বৃহস্পতিবার আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখানকার পরিস্থিতি সম্পর্কে জানি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে ইতিবাচক সংলাপের প্রয়োজন।’যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (ইউএস-এআইডি) উপ-প্রশাসক ডোনাল্ড স্টাইনবার্গের তিন দিনের ঢাকা সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ইউএস-এআইডির জ্যেষ্ঠ এ কর্মকর্তা ২৬ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসেন। সফরকালে তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন বিষয়ে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য মহলের সঙ্গে আলোচনা করেন।বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কেন গুরুত্বপূর্ণ, এ প্রশ্নের জবাবে ডোনাল্ড স্টাইনবার্গ বলেন, পারস্পরিক উন্নয়নের স্বার্থেই তাঁর দেশ বাংলাদেশের উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে। ‘একটি শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের বিষয়ে যে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে, সেটুকু নিশ্চিত করে বলতে পারি।’ তিনি বলেন, বাংলাদেশ ১৫ কোটি মানুষের বাজার, একটি উদার ও অসাম্প্রদায়িক মুসলিম দেশ এবং জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে সবচেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েনকারী দেশ। এসব মিলিয়েই যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থেও বাংলাদেশের বিশেষ গুরুত্ব রয়েছে। জিএসপির ভবিষ্যত্ নির্ধারণ মে-জুনেযুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার-সুবিধার (জিএসপি) ভবিষ্যত্ সম্পর্কে প্রশ্ন করলে রাষ্ট্রদূত মজীনা বলেন, আমেরিকান ফেডারেশন অব লেবার কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অরগানাইজেশনসের (এএফএল-সিআইও) আবেদনের ভিত্তিতে আজ থেকে এ নিয়ে শুনানি শুরু হয়েছে। তবে জিএসপির ভবিষ্যত্ নির্ধারণের ক্ষেত্রে এ শুনানি একটি প্রক্রিয়া মাত্র। বাংলাদেশের জন্য জিএসপির চূড়ান্ত ফল কী হবে, সেটা জানা যাবে মে মাসের শেষে বা জুনের শুরুতে। তাই তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের ক্ষেত্রে যেসব উদ্বেগ রয়েছে, সেগুলো যথাযথভাবে দূর করতে বাংলাদেশকে সচেষ্ট থাকতে হবে।মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে জিএসপি-সুবিধা পেয়েছে ২৬ মিলিয়ন ডলারের পণ্য। তিনি বলেন, ‘সংখ্যাতাত্ত্বিক দিক থেকে এ হার কম হলেও জিএসপি হারালে দুটি কারণে এর গুরুত্ব অপরিসীম। প্রথমত, জিএসপি বাতিল হলে সারা বিশ্বের বাণিজ্যিক অংশীদারদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাবে। দ্বিতীয়ত, বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় স্বল্পোন্নত দেশগুলোর শুল্ক ও কোটামুক্ত সুবিধার ক্ষেত্রে আলোচনা চলছে। এ আলোচনা দুই থেকে তিন বছরের মধ্যে শেষ হবে। জিএসপির আওতায় এ সুবিধা দেওয়া হবে বিধায় মার্কিন বাজারে জিএসপি না থাকলে বিশ্ব বাণিজ্য সংস্থার সুবিধা থেকেও বাংলাদেশ বঞ্চিত হবে। বাংলাদেশের জন্য এটি সুখকর হবে না। আর আমিও এটি দেখতে চাই না।’টিকফা চুক্তি সইয়ের ব্যাপারে আশবাদ ব্যক্ত করে ড্যান মজীনা বলেন, চুক্তিটি সই হলে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পথে প্রতিবন্ধকতাগুলো কী, তা চিহ্নিত করে সমস্যা সমাধানে ফোরাম কার্যকর ভূমিকা রাখবে। যদি বাংলাদেশ মনে করে চুক্তিটি তার জন্য মঙ্গলজনক নয়, তবে সে নিজেকে এ প্রক্রিয়া থেকে সরিয়ে নিতে পারে।