শ্রম মান, নারী-অধিকার সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠুর আচরণের সংশোধন ও শরণার্থীদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্ক-ভিত্তিক মানবাধিকার সংগঠনটি ‘মার্কিন কংগ্রেসের টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের শুনানিতে’ এ আহ্বান জানিয়েছে। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে এ শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ডটকমকে পাঠানো এক ই-মেইলে হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। মার্কিন কংগ্রেসের শুনানিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরামর্শক পরিচালক জন শিফটন বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে লোকজন অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আর এসব ঘটনা দেশের বাইরে কখনো কখনো এড়িয়ে যাওয়া হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পাশাপাশি অন্যান্য সংস্থার উচ্চ পর্যায় থেকে বাংলাদেশের ওপর নিয়মিত নজরদারি রাখা উচিত।’শুনানিতে শিফটন সুনির্দিষ্টভাবে শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ড, মানবাধিকার সংস্থাগুলোকে হয়রানি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্যাতন, নিপীড়নমূলক আইনের সংশোধনী ও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দানে ব্যর্থতার প্রসঙ্গগুলো তুলে ধরেছেন।