বাংলাদেশকে জানাতে পেরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ তারিখ যাওয়ার দিন এয়ারপোর্টে ধনঞ্জয় ভাইয়ার তৈলাক্ত বাঁশের সমস্যার সমাধানে পিছলে যাওয়ার ঘটনা থেকে ২৫ তারিখে আসার সময় এয়ারপোর্টে সোহাগ ভাইয়ার ব্যাগ হারিয়ে যাওয়া, আইএমও ২০১১ আমস্টারডামে এর পুরোটা সময়েই ছিল নানা মজার ঘটনা। যাওয়ার দিন দুবাই এয়ারপোর্টে আমাদের আট ঘণ্টা হোটেলে থাকার কথা ছিল। কিন্তু এয়ারপোর্টে কলুর বলদের মতো এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে করতেই চার-পাঁচ ঘণ্টা শেষ হয়ে যায়। আমস্টারডাম এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে হয় ট্রেনে। আমরা সেই সময় হিসাব করছিলাম, কোন ট্রেন কত সেকেন্ড আগে-পরে গেল। পরদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের দলের সঙ্গে আমরা পরিচিত হই, ছবি তুলি। উদ্বোধনী অনুষ্ঠানে সব দলের সঙ্গে পরিচয় পর্বের সঙ্গে বিনোদন পর্বে ছিল নানা আয়োজন। পরের দুই দিন আমাদের পরীক্ষা হয়। দ্বিতীয় দিন পরীক্ষা শেষে আমরা হ্যারি পটারের শেষ পার্ট থ্রিডিতে দেখলাম। পরদিন আমরা জাহাজ ভ্রমণে গেলাম। আমরা প্রত্যেকেই জাহাজের বিভিন্ন কাজ করতে করতে নিজেদের নাবিক নাবিক ভাবতে শুরু করলাম। তবে সেই দিন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল ধনঞ্জয় ভাইয়ার মুরগির দোকান আবিষ্কার। সেখান থেকে আমরা দুটো আস্ত মুরগি ফ্রাই কিনে আনলাম। এত খুশি হওয়ার মূল কারণ হোটেলে আমাদের যে খাবার দেওয়া হতো, তার বেশির ভাগই আমরা খেতে পারতাম না। মনে হতো যেন শুধু বেঁচে থাকার জন্য স্বাদহীন খাবার খাচ্ছি। তাই ওই দিন সবার মনে কী যে আনন্দ! পরদিন আমরা আমস্টারডাম শহরে ঘুরলাম আর খেলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়েছিল, ‘আমস্টারডামে ১৬ মিলিয়ন মানুষের জন্য ২০ মিলিয়ন সাইকেল আছে।’ আসলেই তাই। এ কারণে রয়েছে আলদা সাইকেলের রাস্তা। শহরে অনেক পার্ক আর ভাস্কর্য দেখলাম। পরদিন আমরা অলধি (আয়াক্স) স্টেডিয়াম ঘুরলাম। রাতে আমরা Partical physics and Fibonacci numbers-এর ওপর একটি লেকচারে গেলাম। তবে সবচেয়ে বড় বিষয় হলো, অনেক দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে অন্যদের জানাতে পেরেছি।