প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাকে কিছু কথা লিখতে বলায় নিজেকে গভীরভাবে সম্মানিত বোধ করছি। জাতির জীবনে নির্ভীক ও গঠনমূলক ভূমিকা পালনের জন্য আমি এই পত্রিকার তারিফ করতে চাই।বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার অনেক বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত ছিলাম, পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ধারা—আগরতলা ষড়যন্ত্র মামলা, গোলটেবিল বৈঠক, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের পক্ষ থেকে ক্রমবর্ধমান দাবি—দূর থেকে প্রত্যক্ষ করেছি। ১৯৭০-এর নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে ব্যাপকভাবে ভোট প্রদানের মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে তাদের মত প্রকাশ সবিস্ময়ে প্রত্যক্ষ করেছি আমরা, তারপর মার্চের গোড়ার দিকে পূর্ব পাকিস্তানে জনগণের সরকার ক্ষমতায় আসছে, সে আশায় প্রতীক্ষার সেই উত্তেজনাময় দিনগুলো; যখন অসংখ্য দেশাত্মবোধক গান প্রচারের মধ্য দিয়ে রেডিও পাকিস্তান পরিণত হয়েছিল বাংলাদেশ বেতারে—কিন্তু এর পরই শুরু পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার অন্ধকার দিনগুলোর। ইসলামাবাদ ত্যাগ করার পরবর্তী শরতে পশ্চিমবঙ্গের সীমান্তে শরণার্থী শিবিরে আসা শরণার্থীদের মিছিলের করুণ দৃশ্য আমি দেখেছি এবং ‘মুক্তির গান’ (উত্তরপুরুষ-এর জন্য তারেক ও ক্যাথরিন মাসুদ সংরক্ষণ করেছেন)-এর শক্তিশালী ও স্পর্ধিত গানে আশ্বস্ত হয়েছি, শিল্পীরা মাতৃভূমি থেকে পালিয়ে আসা মানুষগুলোকে আশার আলো জোগাতে হারিকেনের আলোয় এসব গান গাইতেন। ১৯৭৭ সালে বদলি হয়ে ঢাকায় আসি আমি এবং তিন বছর থাকি। হাইকমিশনের রাজনৈতিক কর্মকর্তা হিসেবে রাজনীতি ও সংবিধানের ক্ষেত্রে তখনকার সামরিক শাসকগোষ্ঠী যেসব পরিবর্তন আনতে যাচ্ছিল, সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি। এই সময়কালের একটা অংশে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিন্তু তা আমাদের বন্ধুত্ব স্থাপন থেকে বিরত রাখেনি। এসব বন্ধুত্বের অনেকগুলোই বছর পরিক্রমায় টিকে গেছে। আমি ও আমার স্ত্রী ঢাকায় আমাদের দুই দফা অবস্থানকালকে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই আমার ৩৮ বছরের কূটনৈতিক জীবনের সবচেয়ে উপভোগ্য সময় মনে করি। বাংলাদেশের নদীগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দের উপমায় বহু সারবস্তু দিয়েছে। মেঘনা ও এর অববাহিকায় অসংখ্যবার ভেসে না বেড়ালে ‘আবার আসিব ফিরে’ পঙিক্তটি উপলব্ধি করা সম্ভব নয়।১৯৯৫ সালে ভারতীয় হাইকমিশনার হিসেবে দীর্ঘ পাঁচ বছর থাকার জন্য ঢাকায় ফিরি আমি। দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের ক্ষমতায় আরোহণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে ঘটনাবহুল কাল ছিল এটা। চাকমা শরণার্থীদের দেশে প্রত্যাবর্তন সম্ভব করে তুলে পার্বত্য চট্টগ্রামসংক্রান্ত সমস্যার সমাধান দেয় সরকার। ৩০ বছর মেয়াদি চুক্তির অধীনে নিষ্পত্তি হয় গঙ্গার পানির হিস্যার বিষয়টি। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার সৌভাগ্য আমার হয়েছিল। পুরোনো বন্ধুত্ব ঝালাই হওয়ার পাশাপাশি নতুন বন্ধুত্ব সূচিত হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সফর করেছি আমি, বেশ কয়েকবার সুন্দরবনে বেড়াতে গিয়েছি, কক্সবাজার সমুদ্রসৈকতে গাড়ি হাঁকিয়ে গেছি, দেখেছি স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিস্ময়, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ভেবেছি।আমার বন্ধু প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও দুটি কথা বলার অনুরোধ করেছেন। এ-সংক্রান্ত সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে বহু কথাবার্তা হয়েছে। তা ছাড়া আমি সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্র্যাক-টু সংলাপে এসব আলোচনার কিছু পর্বের সঙ্গে জড়িত ছিলাম। সংক্ষেপে বলতে গেলে, প্রতিবেশীদের ভেতর সমস্যা থাকবেই। মহল্লা, জেলা, একই দেশের বিভিন্ন প্রতিবেশী রাজ্য ও সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রেই এটা সত্যি। সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে জাতীয়তাবাদী চিন্তা ও জনমত অনেক সময় সমস্যা সমাধানের পথকে বেশ কঠিন করে তোলে। বিভিন্ন সমস্যার অস্তিত্ব বিস্ময়কর কিছু নয়। প্রয়োজন আসলে পারস্পরিক স্বার্থের বিষয়টি মাথায় রেখে সেগুলোর সমাধানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমি বিশ্বাস করি, ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু মৌলিক বাস্তবতা রয়েছে। একের কল্যাণে অন্যটি লাভবান হয় এবং কারও ক্ষতি অন্যকে লাভবান করতে পারবে না। ভৌগোলিকভাবে ভারত কর্তৃক ঘেরাও হয়ে থাকার কারণে বাংলাদেশ নিজেকে অবরুদ্ধ মনে করলে ভারতের দৃষ্টিকোণে বাংলাদেশও কিন্তু ভারতের অত্যন্ত স্পর্শকাতর স্থানে অবস্থান করছে। সুতরাং বাংলাদেশের উন্নয়ন বা এর সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অন্যের কল্যাণের ওপর নির্ভরশীল। অবশ্যই সম্পূর্ণ সমাধানের অপেক্ষায় পড়ে থাকা অনেক সমস্যা রয়েছে—সীমান্ত চিহ্নিতকরণ, অর্থনৈতিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, সমুদ্রসীমা, ভূমি সীমান্ত, সড়ক-রেল-জলপথে সংযোগ, অভিবাসন, নিরাপত্তা ইত্যাদি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পর্যাপ্ত রাজনৈতিক সদিচ্ছা ও দিকনির্দেশনা তুলে ধরার ভেতর দিয়ে এসব সমস্যার সমাধান সম্ভব হতে পারে। প্রতিটি ক্ষেত্রে সামনে অগ্রসর হওয়ার উপায় নিয়ে বিগত বছরগুলোতে অনেক আলোচনা হয়েছে, সম্ভাব্য উপায়গুলোও সুবিদিত। বাংলাদেশের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, অর্থাৎ পানিসম্পদের বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সমাধান করা যেতে পারে। নদী রাজনৈতিক সীমানা চেনে না, এই গুরুত্বপূর্ণ সম্পদের পর্যাপ্ত উন্নয়নে সমনদী-সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে আমি আশা করি, ভারত পানিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ মাথায় রাখবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তথ্যের বিনিময়, যাতে ভুল বোঝাবুঝি বা অমূলক ভীতি এড়ানো যেতে পারে।বাংলাদেশের সঙ্গে আমার পরিচয় ছিল বিদেশি কূটনীতিক হিসেবে। আমার ভাষিক ও সাংস্কৃতিক উৎস এবং অনেকের সঙ্গে উষ্ণ বন্ধুত্ব বাংলাদেশ ও এর জনগণের কল্যাণের বিষয়টি স্থায়ী আগ্রহে পরিণত করেছে। বাংলাদেশের সৃষ্টির যন্ত্রণা আমি দেখেছি, দেখেছি এর জনগণের দুর্ভোগ। দুটি সমান্তরাল অনুপ্রেরণা জনগণকে স্বাধীনতাযুদ্ধের দিকে চালিত করেছিল—একটি হচ্ছে সাংস্কৃতিক ও ভাষাগত স্বায়ত্তশাসন লাভ ও অন্যটি জনগণের অর্থনৈতিক মুক্তি। প্রথমটি অর্জিত হয়েছে, জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ‘একুশে’র তাৎপর্যপূর্ণ স্বীকৃতিও মিলেছে। জনগণের মধ্যে সংস্কৃতির বহু ফুল বিকশিত হয়ে চলেছে। দেশটির জন্মের সময় অনেকের নেতিবাচক ভবিষ্যদ্বাণী সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে এবং করছে। আরও ত্বরিত অগ্রগতিকে যা রুখে দিয়েছে সেটা হলো, রাজনৈতিক অনিশ্চয়তা ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতাদের হত্যার ভেতর দিয়ে ঘটে দায়মুক্তির সংস্কৃতি। জনগণ এক স্বৈরাচারকে উৎখাত করার লক্ষ্যে জেগে ওঠার আগ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর সামরিক বা আধাসামরিক শাসনের জঞ্জাল বিরাজ করেছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাও প্রধান রাজনৈতিক দলগুলোর ভেতর স্বাভাবিক বোঝাপড়া ও সংলাপের অনুপস্থিতির কারণে ব্যাহত হয়েছে। বাংলাদেশের সব বন্ধু দেখতে চায়, যেসব রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে সরকারি বা বিরোধী দলে জনগণকে প্রতিনিধিত্ব করুক, তাদের পালন করার মতো স্পষ্ট দায়িত্ব থাকুক। আমি ঢাকায় থাকার সময় আমার শ্রীলঙ্কার সহকর্মী একবার বলেছিলেন, বাংলাদেশ এখানকার জনগণ, সংস্কৃতি, ভাষার সমরূপতার কারণে ভাগ্যবান। তিনি সে সময়ে তাঁর দেশের সমস্যার সঙ্গে এর তুলনা করেছিলেন। বাংলাদেশের তীক্ষ রাজনৈতিক বিভাজনে বিস্মিত হয়েছিলেন তিনি।আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার মতো অন্তঃস্থ শক্তি ও সম্ভাবনা বাংলাদেশের আছে। মুক্তিযুদ্ধে এবং স্বৈরাচারী শাসকদের আন্দোলন করার ক্ষেত্রে এ দেশের জনগণ তাদের দৃঢ়তা দেখিয়েছে। তারা দেখিয়েছে যে ধর্মীয় বিশ্বাসের প্রতি অঙ্গীকার তাদের ধর্মের নামে চরমপন্থী আদর্শের সমর্থকে পরিণত করেনি। এ ক্ষেত্রে তারা প্রতিবেশীসহ বিশ্বের বাকি অংশের জন্য আলোকবর্তিকা তুলে ধরেছে। নারীর অধিকার ও ক্ষুদ্রঋণের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে, বিশেষ করে গ্যাস এবং দেশটিকে গোটা অঞ্চলের পরিবহনের কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ করে দেওয়া অনন্য অবস্থান তাৎপর্যপূর্ণ সম্পদ, যাকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রয়েছে এর লড়াকু জনগণ, যারা যেকোনো বৈরিতার বিরুদ্ধে লড়াই করতে পারে এবং প্রাপ্য সুযোগ কাজে লাগাতে পারে।বন্ধু হিসেবে আমি সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতি, জনগণের ঐক্য ও নিজস্ব শক্তির ওপর নির্ভর করে বাংলাদেশ গড়ে উঠছে—এটাই দেখার আশা করি। জনগণকে ঐক্যবদ্ধ করার মতো বহু উপাদান রয়েছে। বিভাজন নয়, বরং এসব প্রত্যাশাকেই জোরালো করে তুলতে হবে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, যেখানে তরুণসমাজ নির্ভয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এখনো সম্পূর্ণ অর্জিত হয়নি। আমি আস্থাবান যে তা অর্জিত হবে।ভাষান্তর: শওকত হোসেন দেব মুখার্জি: বাংলাদেশে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার