বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেন কাদের মোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা জবানবন্দি দিয়েছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরা নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী।জবানবন্দিতে আমির হোসেন মোল্লা বলেন, একাত্তরে কেরানীগঞ্জের আলব্দি গ্রামে সংঘটিত গণহত্যায় কাদের মোল্লা অস্ত্র হাতে অংশ নেন। এ ঘটনায় তাঁর ২১ জন আত্মীয় নিহত হন। তাঁরা হলেন, তাঁর খালু রুস্তম ব্যাপারি, মামা সালিম মোল্লা, করিম মোল্লা, মামাতো ভাই আবদুল আওয়াল মোল্লা, লাল চান ব্যাপারি, জয়নাল মোল্লা, ফজলুল হক, অজল হক, নবী মোল্লা, চাচাতো ভাই জোরা মোল্লা, চাচা নওয়াব আলী, মোকলেসুর রহমান, ভাবি ইয়াসমিন বানু প্রমুখ। এ ঘটনার পর তিনি জুন মাসের প্রথম দিকে ভারতের আসামের লায়লাপুরে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মেলাঘরে আসেন। সেখান থেকে অস্ত্র নিয়ে আগস্ট মাসের শুরুর দিকে বাংলাদেশে প্রবেশ করেন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মিরপুর তখনো স্বাধীন হয়নি।রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী বলেন, একাত্তরে মোহাম্মদপুর শরীরচর্চা কেন্দ্র থেকে কাদের মোল্লার নেতৃত্বে ৭০০-৮০০ জন আলবদর সদস্য এবং মিরপুরের কিছু পাঞ্জাবি বিহারিদের কাছে আশ্রয় নিয়ে তাঁদের সঙ্গে এক হয়ে পাকিস্তানের পতাকা ওড়ায় এবং তারা বাংলাদেশকে আবারও পাকিস্তানে রূপান্তর করতে চায়। এর পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর সাক্ষী আমির হোসেন, তাঁদের দলের কমান্ডার হানিফ, সহকারী কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে জহির উদ্দিন বাবর ও শামসুল হকসহ প্রায় দেড় শ মুক্তিযোদ্ধা মিরপুরের জন্দি রাডার ক্যাম্প আক্রমণ করেন। ওই স্থান কাদের মোল্লা, আলবদর বাহিনী ও পাঞ্জাবিদের আশ্রয়স্থল ছিল। সেখানে তাঁরা আক্রমণ করলে শত্রুপক্ষ ভারী অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে। এতে আমির হোসেনের সঙ্গী মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার তুরাগ নদের পাড়ে শহীদ হন এবং তিনি পায়ে ও বাহুতে গুলিবিদ্ধ হয়ে পিছু হটেন। এরপর ৩১ জানুয়ারি তাঁরা ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের হাই কমান্ডের নেতৃত্বে মিরপুরের চারদিক থেকে আক্রমণ চালালে পাকিস্তানি সেনা, কাদের মোল্লার নেতৃত্বে আল বদরদের পরাজিত করে সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান।সাক্ষী আরও বলেন, সত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী জহিরুদ্দিন আহমেদের পক্ষে কাজ করেন। এ সময় জামায়াতের প্রার্থী গোলাম আযমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন আবদুল কাদের মোল্লা। সে সময় কাদের মোল্লা ছাত্র সংঘের নেতা ছিলেন।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরার জন্য ২ সেপ্টেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।