বাংলাদেশকে ফলোঅন করায়নি ইংল্যান্ড
ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪০০ রান কিন্তু অলআউট ২৯৬ রানেই। প্রচণ্ড গরমে বোলারদের বিশ্রামের কথা বিবেচনা করে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠায়নি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩০৩ রানে এগিয়ে থাকা সফরকারীরা দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেট হারিয়ে করেছে ১৩১ রান। তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ ২৯৬ রান পর্যন্ত নিয়ে যায় অষ্টম উইকেটে থাকা মুশফিকুর রহিম ও নাঈম ইসলামের ১১৩ রানের জুটি। ৩৮ রান করা নাঈমের বিদায়ের পর আর এক রানও করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুশফিক করেছেন ৭৯ রান। ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান নিয়েছেন ৯০ রানে পাঁচ উইকেট।ফলোঅন এড়ানোর জন্য আজ তামিম ইকবালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পারেননি তামিম, ৮১ রান নিয়ে দিন শুরু করা ওপেনার আউট হয়ে গেছেন দিনের তৃতীয় ওভারেই, আর মাত্র পাঁচ রান যোগ করে। অবশ্য যে বলটিতে আউট হয়েছেন, সেটিতে তামিমের করার ছিল খুব সামান্যই। টিম ব্রেসনানের রিভার্স স্যুইংটি ভেতরে ঢুকে শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার পথে ভেঙে দেয় তামিমের স্টাম্প। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান নাইটওয়াচম্যান শাহাদাত হোসেনকে স্লিপে কলিংউডের ক্যাচ বানিয়ে টেস্ট ক্রিকেটে শিকারের খাতা খুলেছেন অভিষিক্ত পেসার স্টিভেন ফিন।