বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই উন্মুক্ত যোগাযোগ ও স্বচ্ছতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বয়সে তরুণ কিন্তু অনেক ক্ষেত্রেই যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের বুঝতে হবে কাদের জন্য তাঁরা কাজ করছেন—বেসরকারি খাতগুলোর উন্নয়নের জন্য, বিনিয়োগকারীদের জন্য, সরকার, সমাজ না দেশের জন্য? নির্ধারণ করতে হবে তাদের লক্ষ্য, অর্জনের মাত্রা ও পরিকল্পনা। একই সঙ্গে নিজেদের শিক্ষা ও অভিজ্ঞতার সম্প্রসারণ ঘটাতে হবে, শিখতে হবে অন্যের কাছ থেকে, অন্যের সাফল্যের গল্পগুলো থেকে।আর এ জন্য প্রয়োজন স্বচ্ছতা। তরুণদের নেতৃত্বদানে সফল হওয়ার জন্য প্রয়োজন একটি সুষম স্কোরকার্ড, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে করবে সফল।’ বলছিলেন বিশ্বসেরা কৌশল বিশেষজ্ঞ (স্ট্র্যাটেজি এক্সপার্ট) ড. ডেভিড পি নর্টন। ১১ জুন ঢাকায় একটি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন যেকোনো প্রতিষ্ঠানের লক্ষ্য ও কৌশলগত কার্যক্রমের কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে।ডেভিড নর্টন মাত্র ছয় ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছিলেন বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠান রহিমআফরোজের ‘ভিশন ২০১৫’ কর্মসূচির সফল বাস্তবায়নের একটি কৌশলগত পরিকল্পনা বিষয়ে আলোচনার জন্য—বিশ্বমানের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কীভাবে তাকে একটি ব্যবসায়িক কৌশলগত প্রতিষ্ঠান হিসেবে তৈরি করা যায় এবং কৌশল ব্যবস্থাপনায় নেতৃত্ব প্রদানের ভূমিকা কী হতে পারে, প্রতিষ্ঠানের গঠনগত কাঠামো প্রণয়নে কৌশলের প্রয়োজনীয়তা কী। ‘বাংলাদেশে সবার মধ্যে উন্নয়নের প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা আমি দেখেছি, তা অন্য কোথাও পাইনি। বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য প্রয়োজন উন্মুক্ত যোগাযোগ এবং স্বচ্ছতা। ১৯৬০ সালের যুদ্ধাহত জাপানের অর্থনীতি থেকে আমরা শিখতে পারি, কীভাবে কৌশলগত পরিকল্পনা ও ব্যবস্থাপনা তাদের বদলে দিয়েছে। তাহলে কেন বাংলাদেশে তা সম্ভব নয়? আর তার শুরুটাই বা এখনই নয় কেন!’ড. নর্টন বলছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে ‘স্ট্র্যাটেজি ম্যাপ’ তৈরি ও গ্রহণের গুরুত্ব প্রসঙ্গে। বাংলাদেশে হার্ভার্ড বিজনেস রিভিউ কর্তৃক অন্যতম সেরা প্রভাব বিস্তারকারী ব্যবস্থাপনার ধারণা ‘ব্যালেন্সড স্কোরকার্ড’-এর প্রয়োজনীতার ক্ষেত্রে নর্টন বলেন, ‘ব্যালেন্সড স্কোরকার্ড আমার এবং আমার সহকর্মী রবার্ট কাপলানের যৌথ গবেষণার সৃষ্টি। এটি কৌশলগত ব্যবস্থাপনা নির্ণায়ক একটি প্রক্রিয়া, যা সময়ের সঙ্গে পরিবর্তন, পরিকল্পনা, গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদানের উত্থান-পতন সম্পর্কে প্রতিষ্ঠানকে ফ্রেমওয়ার্ক তৈরি করতে সাহায্য করে এবং যার মধ্য দিয়ে লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি দিকনির্দেশনা লাভ করে, এর গুরুত্ব থাকে চারটি বিষয়ের ওপর—প্রতিষ্ঠানের অর্থনৈতিক ভূমিকা, তার গ্রাহক, ব্যবসায় পদ্ধতি এবং শিক্ষা ও বৃদ্ধি। প্রতিষ্ঠানটি কীভাবে বিনিয়োগকারীদের মোকাবিলা করবে, গ্রাহকদের নিয়ে সফল ব্যবসা চালিয়ে যাবে, পদ্ধতিগত ক্ষেত্রে কী গুরুত্ব দেবে এবং কীভাবে তার উন্নয়নকে ত্বরান্বিত করে এগিয়ে যাবে—সেগুলোর কৌশলগত বিন্যাসই স্কোরকার্ডের মধ্য দিয়ে প্রকাশিত হবে। ব্রাজিলে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যালেন্সড স্কোরকার্ডের মধ্য দিয়ে দ্রুত নিজেদের অবস্থান বদলেছে, যা বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের হারকেও এগিয়ে নিয়ে যাবে। ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে নর্টন মনে করেন, যে নীতি দ্বারা আমরা বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করি তা হলো, এই বৃহৎ প্রতিষ্ঠানটিকে কীভাবে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে চালানো যেতে পারে, কীভাবে সাধারণত এর জটিলতাগুলোকে দূর করা যায়। যেকোনো প্রতিষ্ঠানের সফলতা আসে তার ‘ফোকাসের’ ওপর ভিত্তি করে। জটিলতা এড়াতে শত্রুর চেয়ে গুরুত্ব দিতে হবে বন্ধুর প্রতি। ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে বৃহৎ হওয়ার পথে এগিয়ে যায়। সময়ের সঙ্গে লোকবল, প্রযুক্তির ব্যবহার ও পরিকল্পনার সম্প্রসারণ ঘটে। তাই এর জন্য কী গুরুত্বপূর্ণ, সেটা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর জন্য ড. নর্টন ‘স্ট্র্যাটেজিক প্ল্যানার’ বা কৌশলগত পরিকল্পনকারীর প্রয়োজন উপলব্ধি করেন। তরুণদের মধ্যে কৌশলগত ব্যবস্থাপক হিসেবে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে নর্টন বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ এবং শিক্ষা গ্রহণকে গুরুত্ব দেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কৌশলগত ব্যবস্থাপনাকে প্রশিক্ষণের মধ্য দিয়ে এর বাস্তবায়ন ঘটাতে পারে তাদের প্রতিষ্ঠানে।