বাংলাদেশকে শ্রীলঙ্কার জবাব দুই ওপেনারের সেঞ্চুরিতে
নাঈম ইসলামের আনন্দ দেখে কারও মনে হতেই পারত, ম্যাচে বোধহয় তখনো চরম অনিশ্চয়তার ছায়া। এই মাত্র শ্রীলঙ্কার যে উইকেটটি পড়ল, সেটি বাংলাদেশের দিকেই একটু হেলিয়ে দিল ম্যাচটাকে।আসলে? আসলে ম্যাচ শেষ অনেক আগেই। জয়-পরাজয় নির্ধারিত হয়ে যাওয়ার পর ওয়ানডেতে মাঝেমধ্যেই অর্থহীন যে খেলা হয়, সেটিই তখন চলছে মিরপুর স্টেডিয়ামে। নাঈম ওই উইকেট পেলেও যা, না পেলেও তা-ই।পুরো ঠিক বলা হলো না। মাহেলা জয়াবর্ধনেকে কট বিহাইন্ড বানিয়ে পাওয়া নাঈমের ওই উইকেটটি একেবারেই অর্থহীন ছিল না। সেটিই যে ১০ উইকেটে পরাজয়ের লজ্জা থেকে বাঁচাল বাংলাদেশকে।পরাজয় প্রসঙ্গে ‘লজ্জা’ শব্দটা যদি ব্যবহারই করেন, ৯ উইকেটের পরাজয়ও কি কম লজ্জার? লজ্জার, তবে ১০ উইকেটের চেয়ে মাত্রাটা তো কম! এমনিতেই ওয়ানডেতে সবচেয়ে বেশিবার ১০ উইকেটে হারার লজ্জার রেকর্ডটা করে বসে আছে বাংলাদেশ। জয়াবর্ধনের উইকেটটি না পড়লে সংখ্যাটা কাল ১১ হয়ে যেত (দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার করে ১০ উইকেটে হেরেছে ভারত ও ইংল্যান্ড)।রেকর্ড হয়ে যেত আরেকটি এবং বলাই বাহুল্য, সেটিও বাংলাদেশের জন্য সুখকর কিছু হতো না। সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটে জয়ের রেকর্ডটি হলো না জয়াবর্ধনে ১০৮ রানে আউট হয়ে যাওয়ায়। জয় থেকে শ্রীলঙ্কা তখন মাত্র ৩৫ রান দূরে।ফিট ছিলেন না বলে এই ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন না। ভারত সফরে ৪টি ওয়ানডেতে ৩, ৩৯, ২ ও ৩৩ রান অবশ্য বাদ পড়ার কারণ ফর্মও হতে পারে বলে একটা ফিসফাস তুলে দিয়েছিল। শ্রীলঙ্কান দলে ইনজুরির মিছিল হঠাত্ সুযোগ করে দিয়েছে জয়াবর্ধনেকে। বড় খেলোয়াড়দের কাছে সুযোগের অর্থ একটাই—সেটিকে নষ্ট হতে না দেওয়া। গত পরশু অনুশীলনের আগেও ফিজিওর টেবিলে অনেকক্ষণ কাটানো জয়াবর্ধনে ফিরলেন তাই সেঞ্চুরি করেই। ওয়ানডেতে ওপেনিংয়ে নামলেন মাত্র চতুর্থ বার। চারবারের দুবারই সেঞ্চুরি। ওয়ানডেতে মোট সেঞ্চুরি ১২।সেঞ্চুরি করেছেন উপুল থারাঙ্গাও। সব মিলিয়ে অষ্টম ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয়। শ্রীলঙ্কান দুই ওপেনারের সেঞ্চুরি-টেঞ্চুরি নিয়ে এত কথাবার্তার কারণ একটাই—এই ম্যাচ নিয়ে আসলে বলার মতো আর কিছু নেই।পরে ব্যাটিং করা দলের জয়ের ধারা বজায় থেকেছে এই ম্যাচেও। গত পরশু সাকিব আল হাসান ‘বৈপ্লবিক’ ওই সিদ্ধান্ত না নিলে বলা যেত, টসজয়ী অধিনায়কের চোখ বুঝে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর ধারাও। সাকিবের ওই সিদ্ধান্তে প্রতিপক্ষের শক্তি আর নিজের দলের দুর্বলতা সম্পর্কে উপলব্ধির বড় ভূমিকা ছিল। সাঙ্গাকারারও এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পক্ষে প্ররোচনা ছিল। প্রথম দুই ম্যাচে জিতে ফাইনাল তো প্রায় নিশ্চিতই। ভারতের বিপক্ষে পরের ম্যাচ আর ফাইনালের কথা ভেবে শিশিরভেজা বলে বোলিং প্র্যাকটিস করার একটা সুযোগ হিসেবে নিতে পারতেন এই ম্যাচকে। সাঙ্গাকারা বরং দলের জয়ের ধারাটা নিশ্চিত রাখাটাকেই বেশি জরুরি ভেবে শিশিরভেজা বলে বোলিং করার বিড়ম্বনাটা বাংলাদেশকেই উপহার দিয়েছেন।আগের দুই ম্যাচেও তা-ই করতে হয়েছে বলে এ নিয়ে চিন্তাভাবনাটাও বোধহয় একটু বেশিই হয়েছে বাংলাদেশ শিবিরে। কাল তাই তৃতীয় ওভারেই আক্রমণে স্পিন। শ্রীলঙ্কান ইনিংসে প্রথম বিরতির সময় দেখা গেল, ১৭ ওভারের ১১টিই করেছেন স্পিনাররা। স্বাভাবিক নিয়মে খেলা হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হাবুডুবু খেতে হয় বাংলাদেশকে। আর এখানে বাধ্য হয়ে পাওয়ার প্লেতে আনতে হচ্ছে স্পিনারদের। সেটিও কাদের বিপক্ষে? স্পিন খেলায় একমাত্র ভারতীয় ব্যাটসম্যানদেরই পেছনে থাকে যারা। ৮ ওভারে সাকিবের ২৭ রান দেওয়াটাও তাই যথেষ্টই কৃতিত্বের।বোলিংয়ে যদি সাকিব সেরা হন, অন্তত রান বিচারে ব্যাটিংয়েও তা-ই। ৪৭ রান এমনিতে এমন কিছু নয়। কিন্তু কাল সেটিই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। আগের দুই ম্যাচে ১ ও ০ রানের পর সাকিবের জন্যও তা রানসংখ্যা যা বোঝায়, তার চেয়েও বড় কিছু।কিন্তু আউটটা যে হলেন বড় বাজে সময়ে। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম বলেই সাকিবের বিদায়ই বাংলাদেশের স্কোরটাকে আড়াই শর নিচে রেখে দিল। ভারতের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিং পাওয়ার প্লের সদ্ব্যবহারই বাংলাদেশের স্কোরটাকে তিন শ ছুঁইছুঁই করে দিয়েছিল। কাল সেই পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ৩২ রান, উইকেট যে পড়েছে ৫টি!বাংলাদেশের ইনিংসটাই এমন আক্ষেপের গল্প। প্রথম সাত ব্যাটসম্যানেরই দুই অঙ্কের রান, কিন্তু একটি হাফ সেঞ্চুরিও নেই। শ্রীলঙ্কান বোলিংয়েও আলাদা করে দেওয়ার মতো কোনো পারফরম্যান্স নেই। বিবর্ণ ম্যাচের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জয়াবর্ধনে আর থারাঙ্গার সেঞ্চুরি তাও ম্যাচটার মান বাঁচাল।বাংলাদেশের মান বাঁচল কি না, এটা অবশ্য প্রশ্ন বটে। যেমন প্রশ্ন, ম্যাচের সময় আধঘণ্টা এগিয়ে এনে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত চরিত্রকে কতটা ঠেকানো গেল!কিসের কথা হচ্ছে, বুঝেছেন নিশ্চয়ই। আরে ভাই, শিশির!