প্রথম আলো কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশকে সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, পৃথিবীর সপ্তম জনসংখ্যার দেশ বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। আর সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে যাক। আজ রোববার প্রথম আলো কার্যালয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। আলোচনার শুরুতে ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘এক দশক আগেও আমি এই দেশে ছিলাম। এর মধ্যে বাংলাদেশ অনেক এগিয়েছে।’ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রায়ই বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন খুব ভালো। আমার উদ্দেশ্য দুই দেশের এই ভালো সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। আর সে কারণেই আমার সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশে এসেছিলেন।’ গ্রামীণ ব্যাংকের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘প্রতিষ্ঠানটি সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত উচ্চ। গ্রামীণ ব্যাংক ৮৪ লাখেরও বেশি জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছে। হিলারি ক্লিনটন ঢাকা সফরের সময় গ্রামীণ ব্যাংক যেন ঠিকমতো চলতে পারে সেই বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিরোধীদলীয় নেতা—সবার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তাতেও গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা টিকিয়ে রাখা এবং এর অধিভুক্ত কোম্পানিগুলোর যেকোনো পর্যালোচনা নিরপেক্ষ ও স্বচ্ছভাবে করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।’ র্যাবকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, ‘আমরা র্যাবের কোনো সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছি না। তবে তাঁদের নিজস্ব একটি তদন্ত সেল করতে আমরা সহায়তা দিচ্ছি, যে সেল র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে এবং এতে সুফল পাওয়া যাচ্ছে।’ চীন ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ অত্যন্ত কম শুল্কে পণ্য রপ্তানি করতে পারলেও বাংলাদেশকে কেন ১৫ ভাগেরও বেশি শুল্ক দিতে হচ্ছে—এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমরা টিকফা চুক্তি (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি) করতে চাইছি। এই চুক্তি হলে দুই দেশ একটি কাউন্সিল গঠন করতে পারবে। তখন এই বিষয়গুলোর সমাধান সহজেই করা যাবে।’ মতবিনিময় অনুষ্ঠানে কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক আসিফ নজরুল, গণমাধ্যম-বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর, ব্যাংকার ফারুক মঈনুদ্দিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমিন, বার্তা সম্পাদক শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লভলেস, গণমাধ্যম ও তথ্য কর্মকর্তা কেলি এস ম্যেকার্থী এবং মার্কিন দূতাবাসের হেড অব প্রেস মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।