ব্যবসায়ীদের সম্মেলন কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলে ত্রিপুরা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করতে রাজি আছে
বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে রাজি ত্রিপুরা
কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলে ত্রিপুরার প্রস্তাবিত পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের কাছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করতে রাজি আছে রাজ্য সরকার। গতকাল বুধবার আগরতলায় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের এক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথা বলেন। তাঁর মতে, এ ধরনের সহযোগিতার মধ্য দিয়েই প্রতিবেশী হিসেবে দুই দেশের বন্ধুত্ব গাঢ় হবে।সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভারতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সহযোগিতায় কাজ করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ তার দুটি সমুদ্রবন্দর ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে ব্যবহার করতে দিতে চায়।দীপু মনি দুই দিনের সফরে গতকাল সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছান। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী রাজ্যটি সফরে এলেন।আগরতলার প্রজ্ঞা ভবনে ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত দুই দেশের ব্যবসায়ীদের সম্মেলনে বক্তারা বলেন, ভারতের নিজের সমৃদ্ধির স্বার্থেই বাংলাদেশের উন্নয়নে সহায়তা দেওয়া উচিত। একইভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে মূল প্রবেশপথ হিসেবে ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।সম্মেলনে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি পূরণে ত্রিপুরার পালাটানা থেকে বিদ্যুৎ কেনার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।এ বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, পালাটানার বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রপাতি আশুগঞ্জ নৌবন্দর দিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পালাটানার বিদ্যুৎকেন্দ্রে ৭২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০১২ সাল নাগাদ এটি মোট উৎপাদনের অর্ধেক করতে পারবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরো উৎপাদন শুরু হবে ২০১৩ সালে। তিনি বলেন, পালাটানা থেকে কোন রাজ্য কী পরিমাণ বিদ্যুৎ পাবে, সে ব্যাপারে একটি চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে আলোচনার আগেই। এ ক্ষেত্রে ত্রিপুরা পাবে ২০০ মেগাওয়াট। এর পুরোটা ত্রিপুরার জন্য দরকার পড়বে না। আর বাড়তি বিদ্যুৎ বাংলাদেশের কাছে বিক্রি করতে ত্রিপুরার কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কাছে আমরা নিঃসংকোচে বিদ্যুৎ বিক্রি করতে রাজি আছি। এভাবে সহযোগিতার হাত না বাড়ালে বন্ধুত্ব গাঢ় হবে কীভাবে? আমি বিষয়টি দুপুরে আলোচনার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। আমরা চাইলেই বিদ্যুৎ বাংলাদেশকে দিতে পারব না। এর জন্য বাংলাদেশকে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাতে হবে। কেন্দ্রের অনুমতি পেলে আমরা সানন্দে অন্তত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে রাজি আছি।’মানিক সরকার বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক অবাধে ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে শুল্ক বাধা দূর করার বিষয়টি বিবেচনা করা হবে। এ ছাড়া বাংলাদেশের পোশাক বিক্রির জন্য আগরতলায় একটি বিশেষায়িত বিপণি খোলার ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, যত বাধাই থাকুক, সেগুলো অতিক্রম করে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ভারত, নেপাল, ভুটানসহ এই অঞ্চলের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ঠিক থাকলে শিগগিরই শুল্ক ও অশুল্ক বাধা দূর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে বিভিন্ন মাধ্যমে সংযোগ তথা কানেকটিভিটি চালু ছিল। মাঝে এর ব্যত্যয় ঘটেছিল। এখন তা পুনরায় চালু হচ্ছে। ট্রানজিট ও ট্রানশিপমেন্ট চালুর লক্ষ্যে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে অন্যের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দারিদ্র্যের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।সম্মেলনে অন্যদের মধ্যে ত্রিপুরার শিল্পমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আহমেদ তারেক এ করিম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রাজিত মিত্র, ত্রিপুরার রাজ্য মুখ্যসচিব এস কে পান্ডা, আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ, সিআইআইয়ের উত্তর-পূর্বাঞ্চলীয় কাউন্সিলের সদস্য সুধীন্দ্র কুমার দুবে ও প্রধান পরামর্শক এস সেন বক্তব্য দেন।বরণ: দুই দিনের সফরে ত্রিপুরায় আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সকালে আগরতলায় পৌঁছালে তাঁকে রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী স্বাগত জানান। দীপু মনি এর আগে হেলিকপ্টারযোগে আখাউড়া সীমান্তে পৌঁছান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রাজিত মিত্র, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আহমেদ তারেক করিম, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বরণ করতে সীমান্তে ভারতীয় অংশে এ সময় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা ফুলের পাপড়ি ছড়িয়ে দীপু মনিকে শুভেচ্ছা জানায়। তাঁকে সীমান্তে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর আগরতলায় পৌঁছে দীপু মনি প্রথমে মুখ্যমন্ত্রী মানিক সরকার, পরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যের গভর্নরের সঙ্গে বৈঠক করেন।সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘ত্রিপুরায় মৈত্রী উদ্যানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আজ’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীপু মনি বুধবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চৌত্যাখোলায় মৈত্রী উদ্যানের উদ্বোধন করবেন। প্রকৃত পক্ষে তিনি আজ বৃহস্পতিবার উদ্যানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজের উদ্বোধন করবেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।