বাংলাদেশকে ১৬টি নৌযান দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধী সংগঠন ও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক বাংলাদেশের সমুদ্রসীমা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের অপপ্রয়াস বন্ধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সামর্থ্য বাড়াতে বাংলাদেশকে ১৬টি প্রতিরক্ষা নৌযান দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে এ নৌযানগুলো দেওয়া হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।চট্টগ্রামে এক অনুষ্ঠানে ২৫ ফুট (আট মিটার) দৈর্ঘ্যের ১৬টি প্রতিরক্ষা শ্রেণীর নৌযান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং বাংলাদেশের সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম এফ হাবিব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র আরও পাঁচটি নৌযান বাংলাদেশ কোস্ট গার্ডকে দিতে যাচ্ছে। এটি কোনো দেশকে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের দেওয়া সবচেয়ে বড় অনুদান।প্রথম ১৬টি নৌযান বাংলাদেশ নৌবাহিনীর ‘যুদ্ধকালীন বিশেষ ডুবুরি ও উদ্ধার কমান্ড’-এর নতুন ‘বিশেষ নৌ-অপারেশন বাহিনী’র সমুদ্রসীমা প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী ক্ষমতার ব্যাপক উন্নতি ঘটাবে। আইন প্রয়োগ ও সন্ত্রাসবিরোধী কাজে এ গুরুত্বপূর্ণ নতুন প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করার ওপর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের নাবিকদের প্রশিক্ষিত করে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে ভবিষ্যতে কয়েকটি অনুশীলনেরও আয়োজন করবে।