বাংলাদেশকেই বেছে নিলেন শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ১৫টি বল! বোলারদের পিলে চমকে ওঠার মতো একটা কথা বলেছিলেন সপ্তাহ খানেক আগেই, ‘এবার ওয়ানডেতে ৫০ ওভার ব্যাটিং করতে চাই।’ আর ১৫টি বল খেলতে পারলে বীরেন্দর শেবাগের ইচ্ছাপূরণ হয়ে যেত কালই। হতে পারত আরও অনেক কিছুই। বিশ্বকাপে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ, সব মিলিয়েই বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ কিংবা ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্বিশতক। হয়নি এসবের কিছুই। আউট হয়ে ফেরার সময় তবু বীরেন্দর শেবাগ ব্যাট উঁচিয়ে ধরলেন, চোখে-মুখে স্পষ্ট তৃপ্তির ছাপ। অপ্রাপ্তির চেয়ে যে প্রাপ্তির পাল্লা অনেক ভারী!শেবাগের প্রাপ্তির খেরোখাতাটি একবার দেখুন। ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে বেশি বল খেলেছেন কাল। ১০৪টির বেশি বল খেললেন সেই ২০০৩ সালের ডিসেম্বরের পর। ৫০ ওভার খেললে না পারলেও খুব কাছাকাছি গিয়ে জেনে গেলেন ব্যাপারটা অসাধ্য কিছু নয়। ওয়ানডেতে প্রথম দেড় শ রানের ইনিংস, বসেছেন কপিল দেবের সেই কিংবদন্তির ১৭৫ রানের ইনিংসটার পাশে। বিশ্বকাপে ব্যাটিং-গড় ৩৩ থেকে এক ধাক্কায় উঠে গেছে চল্লিশের ওপর, ৯৫.৬৬ থেকে স্ট্রাইক রেট এক ইনিংসেই পেয়েছে শেবাগীয় চেহারা। সেই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্লেন টার্নারের ১৭১ ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ, কাল শেবাগ ছাড়িয়ে গেলেন সেটিকেও। তবে এসব ছাপিয়ে শেবাগের চেহারায় ওই তৃপ্তির ছাপ সম্ভবত আরেকটি কারণে। চার বছর ধরে পুষে রাখা এক পাষাণভার যে সরাতে পেরেছেন!পোর্ট অব স্পেনকে ছাড়িয়ে গিয়েছেন কাল প্রথম বলেই। সেবার মাশরাফি মুর্তজার বলে বোল্ড হয়েছিলেন ২ রান করে। কাল শফিউলের করা ম্যাচের প্রথম বলেই চার। জানতেন এখানেই থেমে গেলে চলবে না, পাড়ি দিতে হবে অনেক পথ। কদিন আগেই বলেছেন, চার বছর আগে বাংলাদেশের কাছে পরাজয়টা এখনো তাড়িয়ে বেড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রচলিত কূটনীতির ধার না ধেরে বলে দিয়েছিলেন, ‘প্রতিশোধ চাই।’ গত বছরের বাংলাদেশ সফরে ‘বাংলাদেশ অর্ডিনারি’ বলে এমনিতেই এ দেশে খলনায়ক হয়ে ছিলেন, ‘প্রতিশোধ’ নিতে চেয়ে ভক্তসংখ্যা হারিয়েছেন আরও। জানতেন এসব বলা মানে নিজের ওপর চাপ আরও বাড়ানো। হয়তো এসব বলে নিজেকেও চ্যালেঞ্জ করেছেন! অনেক সময় কঠিন চ্যালেঞ্জই যে বের করে আনে সেরাটা!হলোও তাই। ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে সবগুলো ম্যাচেই জিতেছে ভারত। কিন্তু বিশ্বকাপে তো এগিয়ে ছিল বাংলাদেশই, এক ম্যাচে খেলে একটিতেই জয়! ভারতের তাই কিছু হিসাব-নিকাশ চুকোনোর ছিল। ওই বিশ্বকাপের পর ৫ ম্যাচ খেলে শেবাগের ছিল মাত্র একটি ফিফটি। হিসাব বাকি ছিল শেবাগেরও। নিজের আর দলের সবার হিসাব চুকানোর দায়িত্ব যেন একাই নিজের কাঁধে তুলে নিলেন শেবাগ। সব ধরনের ক্রিকেট মিলিয়েই বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার জন্য বেছে নিলেন কালকের ম্যাচকেই। চার বছর বুকে পুষে রাখা যন্ত্রণাগুলো মুছে ফেলতেই যেন সেঞ্চুরির পরও গেলেন অনেক দূর। গড়ে ফেললেন বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ, বাংলাদেশের মাটিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও। আর এই পথচলায় দলের রানটাকেও নিয়ে গেলেন বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে।শেবাগের যন্ত্রণা কিছু না হয় কমল। কিন্তু বিশ্বজুড়ে বোলারদের কী হবে? ৫০ ওভার ব্যাটিং করার ইচ্ছাটা যে অপূর্ণ থাকল তাঁর!