বাংলাদেশসহ তিন দেশকে ইইউ ১২৭ কোটি টাকা সহায়তা দেবে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশসহ তিনটি স্বল্পোন্নত দেশকে নতুন করে এক কোটি ৪৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১২৭ কোটি ৬০ লাখ টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলবায়ুর পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এসব দেশকে জলবায়ুবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইইউ আর্থিক ও কারিগরি সহযোগিতা দেবে। ওই সহযোগিতার আওতায় জ্বালানি ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।গতকাল সোমবার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈশ্বিক জোটের (জিসিসিএ) দুই দিনব্যাপী এশিয়া সম্মেলনের শেষ দিনে এ বিষয়ে বাংলাদেশ, কম্বোডিয়া ও মালদ্বীপ একটি যৌথ ঘোষণায় সই করেছে। জিসিসিএর সাহায্যের আওতায় বাংলাদেশকে ৮৫ লাখ, কম্বোডিয়াকে ২২ লাখ ও মালদ্বীপকে ৩৮ লাখ ইউরো দেওয়া হবে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের এ-সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশবান্ধব আর্থসামাজিক পরিস্থিতি তৈরি করাই সহায়তার মূল লক্ষ্য।ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রযুক্তি পরিবর্তনে সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করাই এই সহায়তার অন্যতম লক্ষ্য। এ ছাড়া দীর্ঘমেয়াদে আবহাওয়ার পূর্বাভাস ও প্রাকৃতিক দুর্যোগের আগাম সর্তকব্যবস্থা গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপদেশগুলোর অভিন্ন অবস্থান তৈরির লক্ষ্য সামনে রেখে ইইউর সহযোগিতায় রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও ইয়েমেনের মন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।ঝুঁকির মুখে পড়বে: মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আইনি সমঝোতা না হলে হুমকির মুখে পড়বে জলবায়ুবিষয়ক আলোচনা। ইইউর জলবায়ুবিষয়ক কমিশনার কোনিয়ে হেডেগার্ড গতকাল এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন।ডেনমার্কের সাবেক এই পরিবেশমন্ত্রী বলেন, ‘ডেনমার্কে আলোচনা যে গতি পেয়েছে, তা বজায় রাখতে হলে আমাদের জোরালো প্রয়াস চালাতে হবে। তাই কানকুনে আমাদের সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’ তিনি বলেন, উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের সময় এসেছে। সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জিসিসিএতে যোগদানের মাধ্যমে স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপদেশগুলোর অবস্থান জোরালো হবে।