বিশ্বে অপুষ্টিতে ভোগা মানুষের তিন ভাগের দুই ভাগের (৬৬ শতাংশ) বসবাস মাত্র সাতটি দেশে। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। প্রতিবেশী ভারতসহ এই তালিকায় আছে চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও কঙ্গো। গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রকাশ করা ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০১০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত সোমবার বিশ্বের শীর্ষ খাদ্যনিরাপত্তাবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) প্রকাশিত বিশ্বের ক্ষুধা-পরিস্থিতির সূচক-২০১০ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে, গত ২৫ বছরে বাংলাদেশ পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানোর ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৪ জন অপুষ্টিতে মারা যায়। হাজারে ৪৩ জন শিশু বয়স অনুযায়ী বড় হয় না, যা বিশ্বের মোট বড় না হওয়া শিশুর ৪ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও পূর্ব তিমুরের মোট জাতীয় আয়ের তুলনায় ক্ষুধা-পরিস্থিতি ভালো নয়।কত মানুষ পুষ্টিহীন: বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ২০০৯ সালে পরিচালিত বাংলাদেশের খাদ্যনিরাপত্তা-পরিস্থিতি বিষয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে দুই হাজার ২২২ ক্যালরি খাদ্য গ্রহণ করতে হয়। কিন্তু বাংলাদেশে এর চেয়ে কম ক্যালরি গ্রহণ করে, এমন লোকের সংখ্যা ছয় কোটি এক লাখ।এক হাজার ৮০০-এর কম ক্যালরি গ্রহণ করে, এমন জনগোষ্ঠীকে হতদরিদ্র বা আলট্রা পুওর উল্লেখ করে বলা হয়েছে, এদের সংখ্যা এক কোটি ২০ লাখ। এক হাজার ৬০০-এর কম ক্যালরি গ্রহণ করে, এমন মানুষকে চরম দরিদ্র বা হার্ডকোর পুওর উল্লেখ করে ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এদের সংখ্যা তিন কোটি ১০ লাখ।ইফপ্রির প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশে শিশুদের অপুষ্টিজনিত সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ছে। ৪৮ শতাংশ নবজাতক জন্মগত রোগে আক্রান্ত হয়ে ২০ শতাংশ ডায়রিয়ায়, নিউমোনিয়ায় ১৫ ও অন্যান্য রোগে ১৭ শতাংশ শিশু মারা যায়। মা ও শিশু অপুষ্টিজনিত কারণে বিশ্বের ৩৫ শতাংশ পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যায় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এ থেকে ভিন্ন নয়। শহরের বস্তিবাসী শিশুদের মৃত্যুর তিন কারণের মধ্যে অন্যতম অপুষ্টি।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও ইফপ্রির পরামর্শক মাহবুব হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সরকারের খাদ্যনিরাপত্তা কর্মসূচিতে পুষ্টি-নিরাপত্তার বিষয়টিও নিয়ে আসতে হবে। খাদ্যের দাম বাড়লে সবচেয়ে বড় আঘাত আসে পুষ্টির ওপর—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে পুষ্টিকর খাবারের বিষয়টি নিয়ে আসতে হবে।খাদ্যের দাম বড় কারণ: সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরো, বিশ্বব্যাংক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসাবে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশে দরিদ্রের সংখ্যা কমেছে। কিন্তু ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত তা বেড়েছে। অধিক জনসংখ্যা আর খাদ্যপণ্যের জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতাকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে সংস্থাগুলোর বিশেষজ্ঞরা।খাদ্যনিরাপত্তা কর্মসূচি দেখতে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সরকারের একটি যৌথ প্রতিনিধিদল। জাতিসংঘে নিযুক্ত বারাক ওবামার প্রতিনিধি আর্থার কাজিনের নেতৃত্বে এই দলটি দেশের সবচেয়ে দরিদ্রপ্রধান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, গোপালগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার স্থানীয় প্রতিনিধিরাও এই দলের সঙ্গে ছিলেন।বাংলাদেশে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে আর্থার কাজিন প্রথম আলোকে বলেন, উন্নত যোগাযোগ অবকাঠামো ও কর্মঠ জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ দ্রুত খাদ্যনিরাপত্তা অর্জনের দিকে যেতে পারে। এ জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।এফএও বাংলাদেশের দেশীয় প্রতিনিধি অ্যাড স্পাইকার জানালেন, অধিক জনসংখ্যার দেশের খাদ্যনিরাপত্তা-পরিস্থিতি মোকাবিলা করা বেশি কঠিন। বাংলাদেশের ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমানোর অন্যতম পূর্বশর্ত জনসংখ্যা কমানো। তবে কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন জাতের ধান মাঠপর্যায়ে নিতে পারলে বাংলাদেশ পরিস্থিতি মোকাবিলা করে সামনের দিকে এগোতে পারবে। খাদ্যের দাম বাড়লে দারিদ্র্য ও অপুষ্টি বাড়ে: গত ১ সেপ্টেম্বর এফএও প্রকাশিত বাংলাদেশে খাদ্যপরিস্থিতি-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, চালের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রায় ৪০ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে পড়তে যাচ্ছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের ৪০ হাজার এবং সিডর ও আইলা এলাকার ৩৯ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।চলতি অর্থবছরে বাংলাদেশে খাদ্য উৎপাদন গত বছরের তুলনায় বড়জোর ৩ শতাংশ বাড়তে পারে উল্লেখ করে এফএও বলছে, তার পরও বাংলাদেশকে গত অর্থবছরে প্রায় ৪০ লাখ টন দানাদার খাদ্য আমদানি করতে হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে এই পণ্য কিনতে বাংলাদেশকে ব্যয় করতে হয়েছে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা । গত সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের ‘ফুড পলিসি ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনে বিশ্বজুড়ে খাদ্যের দাম ১৬ শতাংশ কমেছিল। জুন থেকে আগস্টের মধ্যে তা আবারও ১৬ শতাংশ বেড়ে গেছে। দামের এই ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে।বিশ্ব খাদ্য কর্মসূচির ‘বাংলাদেশ খাদ্যনিরাপত্তা-পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনে একজন মানুষকে সুস্থভাবে বাঁচতে দৈনিক দুই হাজার ১২২ ক্যালরি খাদ্য গ্রহণ করতে হয় উল্লেখ করে বলা হয়েছে, ন্যূনতম ক্যালরিও তারা পায় না, বাংলাদেশে এমন মানুষের সংখ্যা ছয় কোটি ১০ লাখ। এক হাজার ৮০০ ক্যালরিও গ্রহণ করতে পারে না, এমন হতদরিদ্রের সংখ্যা তিন কোটি ১০ লাখ। ২০০৫ সালে পরিসংখ্যান ব্যুরো পরিচালিত খানা জরিপ অনুযায়ী, দেশে এ ধরনের জনগোষ্ঠীর সংখ্যা ৪০ শতাংশ। এই মানুষগুলোর বার্ষিক আয় ১৬০ থেকে ১৭০ ডলারের কম। ২০০৭ সালে বিশ্ব খাদ্যসংকটের আগে বিশ্বব্যাংক পরিচালিত অপর এক জরিপে দেখা যায়, হতদরিদ্রের সংখ্যা ২৫ শতাংশে নেমে এসেছে। ২০০৯ সালে তা বেড়ে ৪২ শতাংশ হয়।২০১০ সালের শুরুতে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত গ্রামীণ জীবনযাত্রা সমীক্ষা-২০১০-এ দেখা যায়, হতদরিদ্রের সংখ্যা ৩৭ শতাংশে নেমে এসেছে। সম্প্রতি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বিষয়ে সরকার যে প্রতিবেদন দিয়েছে, তাতে হতদরিদ্রের সংখ্যা ৩৬ শতাংশ বলে উল্লেখ করেছে।