বাংলাদেশি অভিবাসীদের উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত শুরু হয়েছে বিজয়ের বাঁধভাঙা উল্লাস। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা অন্য সব ওবামা-সমর্থকের সঙ্গে মিশে গেছেন বিজয় উল্লাসের মিছিলে।নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন, এস্টোরিয়ায় জড়ো হয়েছেন বাংলাদেশিরা। তাঁদের মুখে ‘ওবামা’, ‘ওবামা’ জয়ধ্বনি।প্রত্যাশা ও প্রতিশ্রুতি ভঙ্গের হতাশা ছিল ওবামা-সমর্থকদের। কিন্তু রিপাবলিকান প্রার্থী মিট রমনি নতুন কোনো প্রত্যাশা সৃষ্টি করতে পারেননি। তাই তিনি অভিবাসী এবং স্বল্প ও মধ্য আয়ের লোকজনের সমর্থন পাননি। মধ্যরাত পেরিয়ে নিউইয়র্কের টাইম স্কয়ারের বিজয় উল্লাসে যোগ দিয়েছেন বাংলাদেশি প্রবাসী জেড এ জয়। বন্ধুদের নিয়ে রাতভর উল্লাস করবেন তিনি।টেক্সাস থেকে নকিব মজুমদার জানান, পরিবার নিয়ে তিনি ওবামার বিজয় আনন্দ উপভোগ করছেন। কর্মজীবী মানুষের কাছের মানুষ হিসেবে ওবামার বিজয়ে আনন্দিত তিনি। এস্টোরিয়ার বাসিন্দা নুরুদ্দীন আহমেদ জানান, অবৈধ অভিবাসী বলে তাঁর ভোট দেওয়ার সুযোগ ছিল না। ওবামার বিজয়ের আনন্দে গাড়ি নিয়ে রাজপথে বেরিয়েছেন তিনি। ওবামার কল্যাণে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীরা বৈধতা পাবেন বলে মনে করেন এ প্রবাসী।নিউজার্সিতে প্রবাসী কর্মজীবী হাসিনা শিরিন চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, স্বামীকে নিয়ে রাত জেগে টিভি দেখবেন তিনি। নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ওবামার বিজয়ে আনন্দিত এ প্রবাসী। মিশিগান থেকে প্রবাসী হেলাল উদ্দিন জানিয়েছেন, ওবামার বিজয়ে রাতের কাজ ফাঁকি দিয়ে তিনি বিজয় উপভোগ করছেন। ম্যানহাটনে কর্মরত বাংলাদেশি ক্যাবচালক বদরুল ইসলাম জানান, প্রায় অর্ধশতাধিক স্বদেশি ক্যাবচালককে নিয়ে তিনি আনন্দ করছেন। ওবামাকে আপনজন মনে করেই ভোট দিয়েছেন তিনি। নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি প্রযুক্তিবিদ ইশতেহাক চৌধুরী বলেন, ওবামার পুনর্নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনতার জয় হয়েছে। হাতে নেওয়া কর্মসূচি বাস্তবায়নে জনগণ ওবামাকে সুযোগ দিয়েছেন। নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ভাই-বোন সামিন, সাকিব ও সুমাইয়া ঘরে বসেই বিজয় উল্লাস করছেন।আটলান্টিক সিটিতে হারিকেন স্যান্ডির তাণ্ডবে ঘরছাড়া জিতু চৌধুরী জানান, ওবামার পুনর্নির্বাচনে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সহজ হবে।