লন্ডন স্টক এক্সচেঞ্জে হামলার ষড়যন্ত্র
বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত নয়জনের ৯৫ বছর কারাদণ্ড
লন্ডন স্টক এক্সচেঞ্জে বোমা হামলার ষড়যন্ত্র করার দায়ে নয় ব্যক্তিকে সর্বমোট ৯৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের একটি আদালত এই কারাদণ্ডাদেশ দেন। খবর লন্ডন টোয়েন্টিফোর, রয়টার্স ও পিটিআইয়ের।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিদের আলাদা করে শনাক্ত করা হয়নি। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: মোহাম্মদ জাহান (আট বছর ১০ মাস), উসমান খান (আট বছর), নাজাম হুসেইন (আট বছর), গুরুকান্ত দেশাই (১২ বছর), আবদুল মিয়া (১৬ বছর ১০ মাস), মোহাম্মদ চৌধুরী (১৩ বছর আট মাস), শাহ রহমান (১২ বছর), ওমর লতিফ (১০ বছর চার মাস) ও মুহিবুর রহমান (পাঁচ বছর)। এঁদের সবাইকে ২০১০ সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়।ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে দাবি করা হয়, গুরুকান্ত দেশাই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। গ্রেপ্তার হওয়ার আগে পরিচয় গোপন করতে তিনি গুরুকান্ত দেশাই নাম নেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তাঁরা ২০১০ সালের ডিসেম্বরে লন্ডন স্টক এক্সচেঞ্জের শৌচাগারে শক্তিশালী বোমা পেতে রাখার পরিকল্পনা করেন। পাশাপাশি পাকিস্তানের কাশ্মীরে মাদ্রাসা বা ইসলামি স্কুলের নামে একটি ঘাঁটি করারও পরিকল্পনা ছিল তাঁদের। ঘাঁটি গড়ার লক্ষ্যে দণ্ডাদেশ পাওয়া তিনজন তহবিল সংগ্রহের চেষ্টা করেন। কাশ্মীরের ওই ঘাঁটিতে ব্রিটিশ মুসলিমদের নিয়ে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়।লন্ডনের দক্ষিণাঞ্চলের উলউয়িস ক্রাউন কোর্টের বিচারক উইকি রায়ে বলেন, এই ষড়যন্ত্র ছিল ‘সন্ত্রাসবাদের পক্ষে দীর্ঘমেয়াদি ও সাংঘাতিক এক প্রক্রিয়া’। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের পরিকল্পনা ছিল, তাঁরা ও ভবিষ্যতে তাঁদের সমমনা ব্যক্তিরা প্রশিক্ষণের পর যুক্তরাজ্যে ফিরবেন। এরপর এ দেশে সন্ত্রাসী হামলা চালাবেন। এক সময় তাঁরা হয়তো আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের দাবি তুলতেন। বিচারক বলেন, লন্ডন স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়ে ‘সম্পদহানি ও অর্থনৈতিক ক্ষতিসাধনই’ ছিল তাঁদের মূল উদ্দেশ্য। বিচারক উইকি বলেন, এঁরা স্বতন্ত্র একটি গ্রুপ হিসেবে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার বিভিন্ন তথ্য ইন্টারনেটে পেয়ে তা থেকে উদ্বুদ্ধ হয়েই সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করেন তাঁরা। আইনজীবীরা বলেন, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা লন্ডনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন ভবনে ডাকযোগে বোমা পাঠানোর পরিকল্পনা করেন।চলতি বছরের ২৭ জুলাই যুক্তরাজ্যে অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা। এর কয়েক মাস আগে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে নয়জনকে কারাদণ্ড দেওয়া হলো। এই গেমস আয়োজনে শুধু নিরাপত্তার জন্যই দেশটি ১৬০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।