বাংলাদেশি কর্মকর্তাদের সাক্ষাৎ দিতে চান না রেজওয়ানুল!
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা ফাঁদে বাংলাদেশি যুবক কাজী রেজওয়ানুল আহসান নাফিসের গ্রেপ্তার হওয়া নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, রেজওয়ানুল ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন। বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, রেজওয়ানুলের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ চাওয়া হয়। আইনানুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তির সম্মতি সাপেক্ষে ‘কনস্যুলার অ্যাকসেস’ মঞ্জুর করা হয়। রেজওয়ানুল সাক্ষাতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশের কর্মকর্তাদের পক্ষে তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। দূতাবাস থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেজওয়ানুলের ব্যাপারে নিবিড় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাইরের চলাফেরা ছাড়াও ইন্টারনেট বা ফোনে যোগাযোগ করার সূত্র ধরে গোয়েন্দা তদন্ত চলছে। দূতাবাস ঢাকা থেকে আসা গোয়েন্দা তথ্যের জন্য অপেক্ষা করছে। রেজওয়ানুলের কোনো জঙ্গিসংশ্লিষ্টতা না পাওয়া গেলে দূতাবাসের পক্ষ থেকে তাঁকে সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রেজওয়ানুলের সর্বশেষ অবস্থা জানার জন্য ওয়াশিংটন থেকে একজন পদস্থ দূতাবাস কর্মকর্তা নিউইয়র্ক সফর করছেন।রেজওয়ানুলের বিষয়ে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি বাংলাদেশি বংশোদ্ভূত মঈন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, বিদ্যমান আইনানুযায়ী রেজওয়ানুলকে প্রথম প্রি-ট্রায়ালের মুখোমুখি করা হবে। এ পর্যায়ে তাঁকে অপরাধ স্বীকার করে হ্রাসকৃত দণ্ড গ্রহণের প্রস্তাব দেওয়া হবে। তিনি নিজেকে নির্দোষ দাবি করলে বিচারটি বেঞ্চ ট্রায়াল বা পূর্ণ জুরি ট্রায়ালে ফয়সালা করা হবে। বেঞ্চ ট্রায়াল বা জুরি ট্রায়াল দীর্ঘ আইনি প্রক্রিয়া বলে মঈন চৌধুরী প্রথম আলোকে জানান।এদিকে, যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি বলেছেন, রেজওয়ানুল গ্রেপ্তারের ঘটনা ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, রেজওয়ানুল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করেন না। এ জন্য এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই তাঁরা মনে করছেন। গত রোববার নিউইয়র্কে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন। ক্রাউলি বলেন, রেজওয়ানুলের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও মৌলবাদবিরোধী রাষ্ট্র হিসেবে মনে করে। এ কারণে বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। মার্কিন গোয়েন্দাদের পাতা ফাঁদে গত ১০ বছরে ২০৭ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে বিচারের মুখোমুখি হওয়া ৮১ জনের সবারই দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর রেজওয়ানুল ছাড়া আরও তিনজন বাংলাদেশি প্রায় একই ধরনের সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। বিচারে তাঁদের সবার কারাদণ্ড ভোগ করতে হচ্ছে।২০০৪ সালে মোহাম্মদ হোসেন নামের একজন বাংলাদেশি ইমামকে একই ধরনের নাশকতামূলক পরিকল্পনায় গ্রেপ্তার করা হয়। আদালতে অপরাধ স্বীকার করে ইমাম মোহাম্মদ হোসেন ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ২০০৯ সালে এহসানুল সাদেকী নামের অপর এক বাংলাদেশি যুবককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যাসাচুসেটসে বড় হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রেজওয়ান ফেরদৌস নামক তৃতীয় একজন বাংলাদেশি যুবককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রেজওয়ান ফেরদৌসও এফবিআইয়ের পাতা ফাঁদে গ্রেপ্তার হয়েছিলেন। দূরনিয়ন্ত্রিত খেলনা বিমান দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল রেজওয়ান ফেরদৌসের। তিনি এখন আটলান্টার কারাগারে দণ্ড ভোগ করছেন।