বাংলাদেশি কিশোর টিকে থাকার সত্য জানায়: বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন কানকুন জলবায়ু সম্মেলনে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে মানুষ কীভাবে টিকে আছে, সেই সত্য তিনি জেনেছেন বাংলাদেশের এক কিশোরের কাছ থেকে। কানকুন সম্মেলনে সমঝোতার ধীরগতির কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা বিপন্ন মানুষের কথা চিন্তা করে বিশ্বনেতাদের দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।গতকাল বুধবার সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে বান কি মুন কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা অনুযায়ী, কার্বন নিঃসরণ কমাতে দ্বিতীয় দফা অঙ্গীকার করতেও শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপ্রধানদের উচ্চপর্যায়ের আলোচনা উদ্বোধন করতে গিয়ে বান কি মুন বলেন, ‘গত বছর বাংলাদেশের এক কিশোরের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে জানিয়েছিল, অতিবৃষ্টি তার বাড়ি ডুবিয়ে দিয়েছে। বন্যার পর ওই ছেলেটির কলেরা হয়। কিন্তু তার পরও সে টিকে আছে। এই কিশোরের জীবন থেকে আমরা একটি বড় ধরনের সত্য সম্পর্কে জানতে পারি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্যোগ না নিলে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করতে পারব না।’সম্মেলনস্থল মুন প্যালেসে অনুষ্ঠিত এই আলোচনায় বান কি মুন আরও বলেন, জলবায়ু, দারিদ্র্য, জ্বালানি, খাদ্য ও পানি—এগুলো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এগুলোকে আলাদাভাবে দেখলে হবে না।জাতিসংঘ মহাসচিব জানান, চলতি ষোড়শ বিশ্ব জলবায়ু সম্মেলনে সব বিষয়ে মতৈক্য হবে, এমনটা তিনি মনে করেন না। তবে তিনি বলেন, ‘সব বিষয়ে আমাদের অগ্রগতি অর্জন করতে হবে।’ কিয়োটো প্রটোকল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী দফায় কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর অঙ্গীকার করতে প্রতিটি দেশকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বান কি মুন।বিশ্বের মোট কার্বন নিঃসরণের জন্য ২০ শতাংশ দায়ী বন ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে বান কি মুন বলেন, বনায়ন করা ও বন ধ্বংস রোধে নেওয়া জাতিসংঘের উদ্যোগ রেড প্লাস কার্যকরভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিপুলসংখ্যক বননির্ভর মানুষের জীবিকা নিশ্চিত হওয়া ছাড়াও তা কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখবে। বিশ্ব সংস্থার মহাসচিব ২০২০ সালের মধ্যে জলবায়ু তহবিলের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানান।জাতিসংঘ ঢাকা থেকে ডারবান, বৈরুত থেকে বোগোটা—সর্বত্র জলবায়ু পরিবর্তন-সহনীয় শহর গড়ে তুলতে সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেন মহাসচিব। তিনি বলেন, বিশ্বের সব দেশকে নিম্ন কার্বন-অর্থনীতির দিকে এগোতে হবে। জাতিসংঘ এ ক্ষেত্রে অর্থসহায়তা ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।এ ছাড়া গতকাল বান কি মুন এক সংবাদ সম্মেলনে স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের তহবিল দ্রুত গঠনের ওপর জোর দিয়ে বলেন, এই তহবিল যাতে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো পায়, জাতিসংঘ সে লক্ষ্যে কাজ করবে।ছাড় দেবে না বাংলাদেশস্বল্প ও দীর্ঘমেয়াদি তহবিল দ্রুত ছাড় করা ও কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ছাড় দেবে না বাংলাদেশ। গতকাল বাংলাদেশের পক্ষে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে পাঁচটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করে হাছান মাহমুদ বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এরই মধ্যে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের এক নম্বর বিপদাপন্ন দেশ হিসেবে উল্লেখ করেছে। শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে বাংলাদেশের পক্ষে তার নিজস্ব গতিতে এগিয়ে যাওয়া কঠিন হবে।বাংলাদেশের পক্ষে দাবিগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় আগামী জলবায়ু সম্মেলনে যাতে একটি আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তি হতে পারে, সে লক্ষ্যে একটি রূপরেখা কানকুনেই চূড়ান্ত করতে হবে। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর শিল্পোন্নত দেশগুলো কী পরিমাণে নিঃসরণ কমাবে, তার অঙ্গীকার করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিপদাপন্ন দেশগুলোর সামগ্রিক অভিযোজনের জন্য একটি কমিটি চূড়ান্ত করতে হবে। তহবিল দ্রুত ও কার্যকরভাবে ছাড় করতে হবে এবং ক্ষয়ক্ষতির হিসাব বিষয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি কাঠামো চূড়ান্ত করতে হবে।বনায়ন করা ও বন ধ্বংস রোধ করার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ রেড প্লাস কাঠামো চূড়ান্ত করে এর জন্য যথেষ্ট তহবিলের ব্যবস্থা করা এবং নিঃসরণ কমানোর ক্ষেত্রে দেশগুলোর নিজস্ব সামর্থ্য অনুযায়ী কাজ করার সুযোগেরও দাবি তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে।বাংলাদেশ যে বিশ্বের এক নম্বর ঝুঁকিপূর্ণ দেশ, তার প্রমাণ কী—বিদেশি সাংবাদিকেরা এমন প্রশ্ন তুললে হাছান মাহমুদ ম্যাপলক্রপট, জার্মান ওয়াচসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার সমীক্ষার কথা তুলে ধরেন। বাংলাদেশের কতসংখ্যক মানুষ জলবায়ু-ঝুঁকির মুখে আছে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ১৫ কোটি মানুষ জলবায়ু-ঝুঁকির মুখে আছে।’পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত ও অধ্যাপক আনসারুল করিম।ভারতের দাবিগতকাল আরেকটি সংবাদ সম্মেলনে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বিশ্বের সবচেয়ে জলবায়ু বিপন্ন দেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারা নিজস্ব উদ্যোগে অনেক কাজ শুরু করেছে।ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ মুন প্যালেসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ভারতের ৩০ কোটি মানুষ উপকূলে বসবাস করে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে। রমেশ আরও বলেন, ভারতের ৩৭ শতাংশ কার্বন নিঃসরণ হয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। তাই তাঁরা সৌর ও বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।