বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ে বিচ্ছিন্নতাবাদী তামিলরা জড়িত!
আরব সাগরের ভারতীয় উপকূল থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’ ছিনতাইয়ের সঙ্গে কোনো তালিম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ছিনতাই হওয়া জাহাজের গতিবিধি এবং সামগ্রিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট নৌ-কর্মকর্তারা এই সন্দেহের কথা জানান। তবে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গত রোববার বিকেলে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। কর্মকর্তারা বলছেন, সাগরের যে এলাকায় জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে, তার পাশেই ভারতের লাক্কা দ্বীপ, মিনিকা দ্বীপ, কোচিন ও মালদ্বীপের অবস্থান। এসব এলাকা তামিল-অধ্যুষিত। শ্রীলঙ্কা সরকারের তামিলবিরোধী ব্যাপক অভিযানের পর অনেক বিচ্ছিন্নতাবাদী তামিল গোষ্ঠী পালিয়ে এসব এলাকায় অবস্থান নিয়েছে।গত ৪৮ ঘণ্টা এমভি জাহান মণির মালিক প্রতিষ্ঠান মেসার্স এস আর শিপিংয়ের চট্টগ্রামের কার্যালয়ে উপগ্রহ পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা মনে করছেন, সোমালীয় জলদস্যুরা জাহাজ দখলে নিয়ে সব ধরনের বেতার সংযোগ এবং অবস্থান নির্ধারক অত্যাধুনিক যন্ত্র এলআরআইএস (লং রেঞ্জ আইডেনটিফিকেশন সিস্টেম) বন্ধ করে দেয়, কিন্তু এমভি জাহান মণির ক্ষেত্রে এসব করা হয়নি। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত স্যাটেলাইট ফোন-ফ্যাক্স ও এলআরআইএস সচল ছিল। তবে ফোন করলেও ওই প্রান্তে কেউ ফোন ধরছে না।আন্তর্জাতিক রুটে জাহাজ পরিচালনায় অভিজ্ঞ মাস্টার মেরিনার ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, ‘এক হাজার ৫০০ নটিক্যাল মাইল দূরে সোমালিয়া থেকে এসে জাহাজে ডাকাতি করা অবিশ্বাস্য। এ কাজ তামিল বিচ্ছিন্নতাবাদী কোনো গোষ্ঠী করতে পারে। কারণ ওই এলাকার আশপাশে তামিল-অধ্যুষিত অনেক অঞ্চল আছে।’সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, জাহাজটি সোমালিয়া থেকে ৮০০ নটিক্যাল মাইল পূর্বে রয়েছে। এটি ঘণ্টায় ৯-১০ নটিক্যাল মাইল বেগে পশ্চিমের দিকে যাচ্ছে।জানা গেছে, এমভি জাহান মণি যে জায়গায় জলদস্যুদের কবলে পড়েছে, সেখান থেকে সোমালিয়ার দূরত্ব প্রায় প্রায় দেড় হাজার নটিক্যাল মাইল (প্রায় দুই হাজার ৭৭৮ কিলোমিটার)। এত দূর থেকে আসা-যাওয়ার জন্য যে পরিমাণ জ্বালানি তেল ভর্তি বিশাল জাহাজের দরকার, তা ওই জলদস্যুদের সঙ্গে ছিল না। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী নিয়ন্ত্রিত দুবাইভিত্তিক জলদস্যুতা নজরদারি ও তদারকি সংস্থা ইউকে-এমটিওর বার্তা থেকে দেখা যায়, রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার দিকে প্রথমে তিনজন জলদস্যু এমভি জাহান মণিতে ওঠে। এ সময় জাহাজের সামনে-পেছনে দুটি ট্রলারজাতীয় নৌযান ছিল। সাড়ে ছয়টার মধ্যে ওই দুই নৌযান থেকে ১৫-২০ জন জলদস্যু জাহাজে ওঠে।এলআরআইএস পর্যবেক্ষণে আরও দেখা গেছে, জলদস্যুরা জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত জাহাজটি ওই এলাকায় ছিল। পরে ধীরে ধীরে এটি সোমালিয়ার দিকে গভীর সাগরে যেতে থাকে।এস আর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমরা এক দিক থেকে এখনো জাহাজে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। কিন্তু ওই দিকে থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় নৌবাহিনীর ভয়ে দস্যুরা গভীর সমুদ্রের দিকে চলে যেতে পারে। আবার এও হতে পারে, তামিল গোষ্ঠী অপহরণের পর সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে জাহাজটি সেদিকে নিয়ে যাচ্ছে।সময়মতো উদ্ধার অভিযান না চালানোর অভিযোগ: জাহাজ মালিক প্রতিষ্ঠান ঘটনা জানার সঙ্গে সঙ্গে নৌপরিবহন অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থা, এমনকি ভারতে নৌবাহিনী ও কোস্টগার্ডকে জাহাজ উদ্ধারের তৎপরতা শুরুর অনুরোধ করে। কিন্তু সরকারের পক্ষ থেকে দুই দিন ধরে তেমন তৎপরতা লক্ষ করা যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জাহাজ মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতের মুম্বাইয়ে ‘সামুদ্রিক উদ্ধার তৎপরতা ও সমন্বয় সেলে (এমআরসিসি) মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এমআরসিসির কর্তব্যরত কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকার, বাংলাদেশ নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকে এই ধরনের আনুষ্ঠানিক অনুরোধ পেলে ভারতীয় পক্ষ অভিযান চালাতে সম্মত আছে। ওই কর্মকর্তা জানান, জাহাজটি এখনো ভারত উপকূল থেকে ৬১৯ নটিক্যাল মাইল দূরে আছে। বর্তমানে যে গতিতে যাচ্ছে, তাতে জাহাজটি সোমালিয়ার পৌঁছাতে আরও ১০২ ঘণ্টা অর্থাৎ তিন দিন লাগবে। এ সময় অভিযান চালানোর জন্য উপযুক্ত।তবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল রাতে বিবিসিকে বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। বিষয়টি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন হওয়ায় কিছু সমস্যা হচ্ছে।নৌমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, বিভিন্ন সংস্থার কাছে আমাদের করণীয় বিষয়ে সাহায্য চেয়েছি। আশা করি, আমরা কিছু একটা সমাধান করতে পারব। তবে এত তাড়াতাড়ি কিছুই করা যাবে না।’শাজাহান খান স্বীকার করেন, জাহাজটি উদ্ধারে এখনো সমন্বিত কার্যক্রম শুরু করা যায়নি। এ বিষয়ে কৌশল নির্ধারণ করার জন্য বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বৈঠক করবেন।