বাংলাদেশি জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহান মণি’কে জলদস্যুরা সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।শিপিং সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে জাহাজটি সোমালিয়া থেকে এক হাজার ৮০ নটিক্যাল মাইল পূর্ব দিকে অবস্থান করছিল। জাহাজটির মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স এস আর শিপিংয়ের কার্যালয়ে উপগ্রহ পর্যবেক্ষণে দেখা গেছে, জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৮ নটিক্যাল মাইল বেগে সোমালিয়ার দিকে যাচ্ছে। স্বাভাবিক অবস্থায় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল। জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর জলদস্যুরা গতিবেগ কমিয়ে দিয়েছে।জাহাজটির অবস্থানসংক্রান্ত উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের জলদস্যুতার ক্ষেত্রে জাহাজ একটি নির্দিষ্ট এলাকার মধ্যে চলে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়। এমভি জাহান মণি ওই অবস্থায় চলে গেছে বলে মনে হচ্ছে।সূত্র জানায়, বাংলাদেশ সময় গত রোববার বেলা সাড়ে তিনটায় এমভি জাহান মণি আরব সাগরের ভারতীয় উপকূলে জলদস্যুকবলিত হয়। জাহাজটি ৪১ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল। হানা দেওয়ার ৪৫ মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং ২৬ বাংলাদেশি নাবিককে জিম্মি করে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যেতে থাকে। জলদস্যু আক্রান্ত হওয়ার সময় জাহাজটি ভারতীয় জলসীমার মধ্যে ছিল। জাহাজের মালিক ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জলদস্যুদের প্রতিরোধে ভারতীয় কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়। অভিযোগ উঠেছে, ভারতীয় পক্ষ সময়মতো হেলিকপ্টার গানশিপ না পাঠানোয় জাহাজটি জলদস্যুরা তাদের জন্য নিরাপদ জলসীমায় নিয়ে যেতে পেরেছে।এ প্রসঙ্গে মেসার্স এস আর শিপিংয়ের মহাব্যবস্থাপক মেহেরুল করিম বলেন, ‘জাহাজটিকে রক্ষা করা ভারতীয় কোস্টগার্ডের পক্ষে খুবই সহজ ছিল। জাহাজ উদ্ধারে সহায়তা করার জন্য আমরা বারবার তাদের অনুরোধ করেছি। কিন্তু উদ্ধার তৎপরতা শুরু না হওয়ার কারণে এমভি জাহান মণি সম্পূর্ণভাবে সোমালিয়ার জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা ভারত, দুবাই ও যুক্তরাজ্যভিত্তিক জলদস্যুতা তদারকি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে জাহাজ ও নাবিকদের সর্বশেষ অবস্থান ও জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাহাজের সব নাবিক ভালো আছেন।’মেহেরুল করিম বলেন, জাহাজটি যে গতিতে এগোচ্ছে তাতে সোমালিয়ার তীরে পৌঁছাতে এটির আরও তিন-চার দিন লাগার কথা।নৌপরিবহনমন্ত্রী বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, এমভি জাহান মণিকে উদ্ধারে ভারতীয় কোস্টগার্ড নজর রাখছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।শাজাহান খান বলেন, আফ্রিকার উপকূলে পৌঁছাতে জাহাজটির এখনো চার দিনের বেশি সময় লাগবে। উপকূলে পৌঁছানোর পর জলদস্যুরা হয়তো সমঝোতা শুরু করতে পারে।