বাংলাদেশি পণ্য আমদানি করতে নাইজেরিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওষুধ, চামড়া, পাটজাত সামগ্রী এবং সিরামিক ও হিমায়িত খাদ্যসহ বাংলাদেশের মানসম্পন্ন পণ্য আমদানির জন্য নাইজেরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী নাইজেরিয়ায় নিয়োগ দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে নাইজেরিয়ার প্রেসিডেন্ট ড. গুডলাক এবেলি জনাথনের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।নাইজেরিয়ার রাজধানী আবুজায় আজ বৃহস্পতিবার থেকে সপ্তম ডি-৮ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নাইজেরিয়ার স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় আবুজা নামদি আজিকুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নাইজেরিয়ার পরিবহনমন্ত্রী ইউসুফ সোলায়মান তাঁকে স্বাগত জানান। ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের ১৩তম অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যে আবুজায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের স্বার্থে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এতে জাতিসংঘ, কমনওয়েলথ ও ন্যামের মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের অভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সামগ্রিক দিক ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বিশেষভাবে কোপ-১৫সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।নাইজেরিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘আপনি (শেখ হাসিনা) আপনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের মাধ্যমে বিশ্বে নিজেকে একজন গ্রহণযোগ্য ও বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’বাংলাদেশে নাইজেরিয়ার দূতাবাস খোলার ব্যাপারে প্রেসিডেন্ট গুডলাক এবেলি জনাথন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তাঁর সরকার দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।বৈঠককালে শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ও নারীর ক্ষমতায়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বাড়ানো এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বাধিক সেনাসংখ্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেষভাবে আফ্রিকাসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নাইজেরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।এর আগে নাইজেরিয়ায় যাওয়ার পথে প্রধানমন্ত্রী সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন। স্থানীয় সময় ভোর চারটা পাঁচ মিনিটে তিনি রিয়াদে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।উন্নয়নশীল আটটি মুসলিম দেশ বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ১৯৯৭ সালে ডি-৮ (উন্নয়নশীল-৮) গঠিত হয়।আবুজায় দিনব্যাপী এ সম্মেলনে সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানেরা দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। সদস্যদেশগুলোর মধ্যে ‘বিনিয়োগ সহযোগিতা জোরদার’ শীর্ষক এই সম্মেলনে আবুজা ঘোষণার পাশাপাশি ডি-৮ অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তির প্রস্তাবিত তালিকা অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।