বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ কমছে মার্কিনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছেন প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক। তাঁদের ৩৯ শতাংশ জানিয়েছেন, ভবিষ্যতে তাঁরা যতটা সম্ভব কম বাংলাদেশি পণ্য কিনবেন। বাজার গবেষণাপ্রতিষ্ঠান হ্যারিস ইনটারেকটিভের পরিচালিত অনলাইন জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। এ জরিপ ‘হ্যারিস পোল’ নামে পরিচিত। বিভিন্ন বিষয়ের ওপর হ্যারিস পোল পরিচালিত হয়।এবারের জরিপে প্রায় দুই হাজার প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত জরিপটি পরিচালিত হয়েছে। জরিপে দেখা গেছে, দুর্ঘটনার খবর জেনে ৪২ শতাংশ নারী ও ৩৪ শতাংশ পুরুষ নিজেদের কেনাকাটার অভ্যাস বদলাবেন বলে জানিয়েছেন। গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা নামের আটতলা একটি ভবন ধসে পড়ায় এক হাজার ২২৭ জন মারা যান। বিশ্বের শিল্প খাতের দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে ভয়াবহতম বলে গণ্য করা হচ্ছে। দুর্ঘটনার পর কয়েক সপ্তাহে ধ্বংসস্তূপ থেকে হাজার হাজার জীবিত শ্রমিককে উদ্ধার করা হয়। আর এ সময়ের মধ্যে বিপুলসংখ্যক শ্রমিকের মৃত্যু গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। গত নভেম্বরে আরেকটি কারখানায় আগুন লেগে ১১২ জন শ্রমিক নিহত হওয়ার পর ভবনধসে হাজারো শ্রমিকের মৃত্যুর ঘটনাটি বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টিকে সামনে আসে। এর ফলে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় সংস্কারের বিষয়টি নজরে এসেছে।জরিপে ক্রেতাদের জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা পোশাক কেনার সময় এটি কোথায় তৈরি, তার খোঁজ করেন কি না। ৪৪ শতাংশ ক্রেতা বলেছেন, তাঁরা লেবেল দেখেন। ৫৫ বছরের বেশি বয়সীদের ৫৩ শতাংশ জানান, তাঁরা লেবেল দেখে পণ্য কেনেন। ১৮-৩৪ বছর বয়সী মার্কিন নাগরিকদের ৪৯ শতাংশ রানা প্লাজা ধস সম্পর্কে জানেন এবং ৫৫ বছরের বেশি বয়সীদের ৮৬ শতাংশ দুর্ঘটনার খবর পেয়েছেন।বাংলাদেশের রপ্তানি পণ্যের ৮০ শতাংশ দখল করে আছে তৈরি পোশাক খাত। এ খাতে কর্মরত আছেন প্রায় সাড়ে ৩০ লাখ শ্রমিক। চীনে শ্রমিকদের বেতন বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠে। কারণ, বাংলাদেশে শ্রমিকের বেতন কম। ভবনধসের পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে পোশাক কারখানার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। পাইকারি বিক্রেতারা বিশেষত ইউরোপীয় চেইন শপগুলো যেমন হেনজ অ্যান্ড মরিস এবি (এইচএমবি) এবং ইন্ডিটেক্স এসএ (আইটিএক্স) আগামী পাঁচ বছরে নজরদারি বাড়াতে ছয় কোটি মার্কিন ডলার (প্রায় ৪৬৬ কোটি টাকার বেশি) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তিতে ওয়ালমার্ট স্টোরস ও গ্যাপ স্বাক্ষর করেনি। বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বিক্রেতা ওয়ালমার্ট বাংলাদেশের ২৭৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে পোশাক কেনে। ছয় মাসের মধ্যে এই কারখানাগুলো নিরাপদ কি না, পরিদর্শন শেষে প্রতিবেদন প্রকাশিত হবে।