বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ভোট প্রদান ও প্রার্থী নির্বাচন নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ভোটাররা তাঁদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে কথা হয় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শাহানা বেগমের সঙ্গে। মার্কিন নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম ভোট দেবেন তিনি। তিনি বললেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের বিতর্ক—সবই শিক্ষণীয়। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নের উপায়ও প্রার্থীদের বলতে হয়। প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট ছাড়াও ব্যালট পেপারের লম্বা ফর্দে থাকা অন্য কোনো প্রার্থী সম্পর্কে কোনো তথ্যই জানেন না বলে জানালেন শাহানা।যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সামিন চৌধুরী তাঁর জীবনের প্রথম ভোটটি দেবেন ডেমোক্র্যাট প্রার্থীকে। ভোটার নিবন্ধনের শেষ দিন তালিকাভুক্ত ভোটার সামিন জানান, ব্যালট পেপারের অন্য কোনো প্রার্থী সম্পর্কে তাঁরও কোনো ধারণা নেই। স্বল্প আয় আর মধ্যবিত্তের বন্ধু হিসেবে ডেমোক্র্যাটদের ভোট দেবেন তিনি। নিউজার্সিতে বসবাসরত নাসিমা সুলতানা বলেন, এক বছর ধরে বেকার ভাতায় চলছেন তিনি। ওবামাকে ভোট দিলে এ ভাতা বহাল থাকবে বলে মনে করেন তিনি। এ জন্য তাঁকেই সমর্থন দেবেন নাসিমা।অ্যাস্টোরিয়ায় বসবাসরত মেহেরুন জোবায়দা বলেন, ভোটার হিসেবে তালিকাভুক্ত না হওয়ায় তিনি ভোট দিতে পারছেন না।নিউজার্সির প্যাটার্সনে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী আতিকুর রহমান বলেন, মার্কিন নাগরিক হিসেবে প্রথমবারের মতো ভোটকেন্দ্রে যাবেন তিনি। অভিবাসী ও স্বল্প আয়ের বন্ধু হিসেবে ডেমোক্র্যাট দলই তাঁর পছন্দ।প্যাটার্সনে বসবাসরত আরেক বাংলাদেশি সৈয়দ সাহজলি বললেন, টেলিভিশন চালু না করলে টের পাওয়ার উপায় নেই যে নির্বাচন হচ্ছে। কোথাও মাইকের শব্দ নেই, এখানে-ওখানে মিছিল-সমাবেশ নেই, কাজকর্মে কোথাও রাজনীতি নিয়ে তেমন আলোচনাও নেই। উত্সব না থাকলেও ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার জন্যই কেন্দ্রে যাবেন তিনি। নিউজার্সির ফ্রি হোল্ডে বসবাসরত শারমিন আহমেদ জানালেন, বক্তৃতা আর প্রতিশ্রুতিতে কোনো কাজ হয়নি। মিট রমনি ও রিপাবলিকান প্রার্থীদের ভোট দিলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন বাংলাদেশি এ প্রযুক্তিবিদ।ভোট উপলক্ষে যুক্তরাষ্ট্রে কোনো সরকারি ছুটি নেই। কাজে যাওয়ার আগে, বিরতির সময় বা কাজ শেষে ভোট দেবেন ভোটারেরা। ডেমোক্র্যাট রাজ্য হিসেবে পরিচিত নিউইয়র্ক ও নিউজার্সিতে ভোট নিয়ে তেমন কোনো উত্তেজনা নেই। ইলেকটোরাল ভোটের হিসাবে সব নির্বাচনী উত্তেজনা এখন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।উত্তর-পূর্বের অঙ্গরাজ্যগুলোতে ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষত এখন প্রকট। সেখানকার লোকজন এখনো বাড়িছাড়া। নিউজার্সির দক্ষিণের নগর টমস রিভার এলাকায় বিদ্যুত্ না থাকায় ভোটকেন্দ্রের বাইরে বসানো হয়েছে ভোট গ্রহণের গাড়ি। ভোট উপলক্ষে আগেভাগেই ভোটারদের কাছে পাঠানো হয়েছে নমুনা ব্যালট পেপার। ভোটকেন্দ্রগুলোতে বসানো হয়েছে ইলেকট্রনিক ভোটের মেশিন। মেশিনে হাতল চেপে বা বোতাম টিপে ভোট দেবেন ভোটারেরা।