বাংলাদেশি ব্যবসায়ীদের দ্রুততম সময়ে ব্যবসা ভিসা দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে দ্রুততম সময়ের মধ্যে তাঁদের ব্যবসা ভিসা পান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত ‘বিজনেস ভিসা’ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মার্কিন দূতাবাসের কনসুল জেনারেল সান্দ্রা জে ইনগ্রাম এ কথা জানান।সান্দ্রা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। দক্ষ ও যোগ্য ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো না গেলে ব্যবসার প্রসার ঘটবে না। তাই যুক্তরাষ্ট্র তাদের দেশে যোগ্য ব্যবসায়ীদের ভ্রমণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় তারা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের যোগ্য ব্যবসায়ীদের ব্যবসা ভিসা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ভিসার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।সান্দ্রা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত পাঁচ বছরে বাংলাদেশিদের ভিসা দেওয়ার পরিমাণ তিন গুণ বেড়েছে। এ সময়কালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি ৪০ শতাংশ বেড়েছে। আর বাংলাদেশ থেকে এর দ্বিগুণ পরিমাণ পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ আরও বৃদ্ধি পেলে উভয় দেশই বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, নির্বাহী পরিচালক এ গফুর উপস্থিত ছিলেন।