বাংলাদেশি শ্রমিকদের ওপরই ক্ষতিকর প্রভাব পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের শাস্তির মুখোমুখি হতেই হলো। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করার মধ্য দিয়ে প্রশাসন যে শাস্তি দিয়েছে, তা ছিল বাংলাদেশের প্রাপ্য। তবে এর ক্ষতিকর প্রভাব পড়বে দেশটির শ্রমিকদের ওপর।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ ১ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নে প্রতিবেদনটিতে ওয়াশিংটনের প্রতি কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও করা হয়েছে।‘পানিশিং বাংলাদেশ’ শীর্ষক ওই প্রতিবেদনে বাংলাদেশকে একটি ‘শক্তিশালী’ দেশ আখ্যা দিয়ে বলা হয়, মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের একটা ক্ষুদ্র অংশের শুল্কমুক্ত প্রবেশাধিকার স্থগিত করেছে ওবামা প্রশাসন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান বলেন, বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা প্রতিষ্ঠা এবং তাঁদের জন্য যথাযথ কর্মপরিবেশ সৃষ্টি করাই এ পদক্ষেপের লক্ষ্য। তবে এ পদক্ষেপের প্রকৃত প্রভাবে এই শ্রমিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন এবং তা এএফএল-সিআইওর (আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন) রক্ষণশীল নীতি ও পশ্চাৎপদ চিন্তাধারাকেই জয়ী করবে।২০০৭ সাল থেকেই এএফএল-সিআইও বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা প্রত্যাহার করতে ওবামা প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছে। এই ব্যবস্থার অধীন উন্নয়নশীল দেশগুলো শুল্কমুক্ত বা হ্রাসকৃত শুল্কে মার্কিন বাজারে তাদের পণ্য রপ্তানির সুবিধা পেয়ে থাকে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে এগারো শ’র বেশি পোশাককর্মী নিহত হওয়ার ঘটনাটি এএফএল-সিআইও এবং কংগ্রেসে সংগঠনটির মিত্র আইন প্রণেতাদের (ডেমোক্র্যাট সদস্য) বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা কেড়ে নেওয়ার প্রচেষ্টার পক্ষে ওবামা প্রশাসনকে একটি রাজনৈতিক যুক্তি খাড়া করার সুযোগ এনে দেয়।ওবামা প্রশাসনের জিএসপি সুবিধা স্থগিত করার ওই সিদ্ধান্ত অর্থনৈতিক বা নৈতিক যুক্তিকে সমর্থন করে না বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এর পেছনে যুক্তি হিসেবে বলা হয়, যে পোশাকশ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করার অজুহাতে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হলো, সেই পোশাকশিল্প মার্কিন জিএসপি কর্মসূচির অন্তর্ভুক্ত নয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ৯০ শতাংশের বেশিই দখল করে রয়েছে তৈরি পোশাক। এই পণ্যকে গড়ে ১৫ শতাংশ রপ্তানি শুল্ক আগের মতোই দিয়ে যেতে হবে।প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক এই শিল্পে অধিকতর নিরাপত্তার মান প্রতিষ্ঠাকে উৎসাহিত করেনি। তা ছাড়া এখন থেকে অন্য পণ্যের ওপর উচ্চহারে শুল্কারোপের কারণে (জিএসপি স্থগিতের সম্ভাব্য ফলস্বরূপ) এই শিল্পের মুনাফার মার্জিনকে ঠেসে ধরবে এবং শ্রমিকদের নিরাপত্তা আরও কাটছাঁটে মালিকদের সম্ভবত বাধ্য করবে।প্রতিবেদনের শেষাংশে ওবামা প্রশাসনের উদ্দেশে সুপারিশ করে বলা হয়, ওয়াশিংটন যদি তৈরি পোশাক রপ্তানির শুল্ক কমিয়ে তা শূন্যতে নামিয়ে আনে এবং এই পণ্যকে জিএসপি সুবিধার অন্তর্ভুক্ত করে, তবে উন্নয়নশীল দেশের শ্রমিকদের উন্নয়নে তারা (যুক্তরাষ্ট্র) আরও সহায়তা করতে সক্ষম হবে। এতে বাংলাদেশের মতো দেশ আরও সহজে তাদের তৈরি পোশাক রপ্তানি করতে পারবে এবং এই পর্যায়ে দেশগুলো দ্রুততর শিল্পায়নের দিকে এগোতে সমর্থ হবে। সরকারের যে ব্যর্থতার কারণে (বাংলাদেশের) জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তার ফল হিসেবে দেশটির শিল্পায়নে মন্থর গতি সৃষ্টি হলে তাতে ওই শ্রমিকেরাই শুধু সাজা পাবেন। বিপরীতে পুরস্কৃত হবে এএফএল-সিআইওর পশ্চাৎপদ চিন্তাধারা।