বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার আশ্বাস মালয়েশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ডেস্ক:aমালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন আবদুল রাজাক বাংলাদেশের সে দেশে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মরত সব বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেওয়ার বিষয়টি তিনি শিগগিরই তাঁর সরকারের নিয়োগসংক্রান্ত কমিটিতে উপস্থাপন করবেন। গতকাল বুধবার বিকেলে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে তিনি আশ্বাস দেন। খবর বাসসের।ষষ্ঠ বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইইএফ) সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে কুয়ালালামপুর সফরে রয়েছেন। নাজিব তুনের সঙ্গে বৈঠককালে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিশ্ব শান্তি, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন, দারিদ্র্য বিমোচন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন দুই নেতা।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করেছেন। এ ছাড়া দুই নেতা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়ে আলোচনা করেন। দারিদ্র্য মোকাবিলায় এশিয়া অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ব্যাপারেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মালয়েশিয়া বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এর আগে সকালে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ডব্লিউআইইএফ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর নিজস্ব সম্পদ, প্রযুক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে সম্মিলিত সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সময়ের জন্য আমাদের নতুন সমাধান খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে অর্থনৈতিক মন্দা থেকে নিজেদের রক্ষা করতে হবে। এ ছাড়া নিজেদের অর্থনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।’ প্রধানমন্ত্রী তাঁর সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের সহায়তায় বাংলাদেশে বিনিয়োগ করতে ফোরামে যোগদানকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন আবদুল রাজাক সকালে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়া, সেনেগালের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ্গ ইউধোইয়োনো, কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেইদিউ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং ডব্লিউআইইএফের চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী তুন মুসা হিতাম। বিশ্বের ৬৭টি মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ব্যবসায়ী নেতাসহ দুই হাজার প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন।মুসলিম দেশগুলোর উন্নয়নে ডব্লিউআইইএফকে সম্মিলিত সামর্থ্য গড়ে তোলার জন্য সময়োচিত উদ্যোগ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ফোরাম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মুসলিম দেশগুলোর আর্থিক ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটানোর ক্ষেত্রে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। এরপর প্রধানমন্ত্রী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন।