বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত থেকে আজ সোমবার সকালে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাঁর নাম এরফান আলী (৫০)। তিনি একই উপজেলার উপচাকপাড়া গ্রামের ভাদু মণ্ডলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আলম জানান, চাকপাড়া সীমান্তসংলগ্ন গমখেতে কাজ করছিলেন এরফান। গমখেতটি সীমান্ত থেকে বাংলাদেশের ২০০ গজ ভেতরে। এ সময় ভারতের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিয়নের শ্মশানী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ঢুকে তাঁকে ধরে নিয়ে যান। তারকাঁটার বেড়া কাটার অভিযোগে এরফানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে বিএসএফ স্বীকার করেছে। মঞ্জুরুল আলম আরও জানান, পতাকা বৈঠকের মাধ্যমে এরফান আলীকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে। তবে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তে বিজিবি অপেক্ষা করলেও বিএসএফের সদস্যরা না আসায় পতাকা বৈঠক হয়নি।