বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
রাজশাহী সীমান্তে এবার এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পিটুনিতে নিহত ব্যক্তির নাম স্বপন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা উপজেলার জগন্নাথপুর গ্রামে। স্বপনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়ার সীমান্তে বিএসএফ তাঁকে ধাওয়া করে। কিন্তু পা কাটা থাকায় তিনি দৌড়াতে পারেননি। এ অবস্থায় বিএসএফ সদস্যরা তাঁকে ধরে পিটিয়ে গুরুতর জখম করে। বাংলাদেশের সীমানায় এসেই তিনি মারা যান। গতকাল সকালে এলাকাবাসী তাঁর লাশ নৌকায় করে নিয়ে আসে। ওই দিন সন্ধ্যায় তাঁকে জগন্নাথপুর গ্রামে দাফন করা হয়। নিহত স্বপনের প্রতিবেশী সাহাবুল বলেন, তাঁরা ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়েছিল। কিছুদিন আগে এ কাজে গিয়ে স্বপনের পা কেটে গিয়েছিল। গত শনিবার গরু নিয়ে আসার সময় বিএসএফ ধাওয়া দিলে তিনি আর দৌড়াতে পারেনি। ফলে হামলার শিকার হন। তিনি বলেন, হামলায় নিহত স্বপনের বাম কানের পাশে, পিঠে ও দুই পায়ে জখম হয়েছিল। এদিকে একই হামলায় গুরুতর আহত রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুর গ্রামের ওয়াজ ঘোষকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই ওয়ার্ডের একজন সেবিকা জানান, ভোর চারটা পর্যন্ত তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চিকিত্সাধীন ওয়াজ ঘোষ বলেন, বিএসএফ তাঁকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়েছে। তাঁর মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর মাথায় ৪০টি সেলাই দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, তাঁদের কাছে এ ধরনের কোনো খবর নেই।