বাংলাদেশিকে ভারতীয় পুলিশের হাতে দিল বিএসএফ
ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি এক যুবককে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। গতকাল সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টায় উপজেলার কাইচ্ছুটি গ্রামের দরিদ্র লোকমান হোসেনের ছেলে ইয়াছিনসহ (৩০) তিন যুবক কীর্তন দেখতে সীমান্তের একিনপুর এলাকার একটি পাইপ (পানিপ্রবাহের জন্য) দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু কীর্তন দেখে বাড়ি ফেরার পথে বিএসএফের একিনপুর ক্যাম্পের সদস্যরা ইয়াছিনকে আটক করেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইয়াছিনের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে স্থানীয় সাতঘড়িয়া এলাকার বিজিবির সদস্যরা একিনপুর বিএসএফের সঙ্গে পতাকা-বৈঠক করলেও তাঁকে ফেরত দেওয়া হয়নি।এ ব্যাপারে বিএসএফের একিনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পিয়াত সিংয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, কীর্তন উত্সবে মদপানের অপরাধে ইয়াছিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।চৌদ্দগ্রামের আটগ্রাম বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদুর রহমান জানান, বিএসএফের সঙ্গে ইয়াছিনকে আটকের বিষয়ে কথা হয়েছে। কিন্তু পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করায় ফেরত দেওয়া সম্ভব হয়নি।