বাংলাদেশিকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী বাংলাদেশি নাগরিক মহিউদ্দিন বাবুলকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করা হয়েছে। সে দেশে তাঁর বিরুদ্ধে খুনের মামলা আছে।গতকাল সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মহিউদ্দিনকে যুক্তরাজ্য হাইকমিশনারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। গতকালই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল।মহিউদ্দিনকে ১২ বছর আগে সিলেট পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাসনফাতেমাপুর গ্রামে। তিনি অবিবাহিত। তাঁর মা-বাবা এখন সিলেটের সুবিদবাজারে থাকেন। তবে হস্তান্তরের সময় কারা ফটকে মহিউদ্দিনের পরিবারের কেউ ছিলেন না। কারা প্রশাসনের কর্মকর্তারা জানান, তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কেউ আসতে চায়নি।মহিউদ্দিনকে হস্তান্তরের পর সরকারের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, মহিউদ্দিন যুক্তরাজ্যে খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে। বহিঃসমর্পণ আইন, ১৯৭৪ অনুসারে তাঁকে যুক্তরাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিক মহিউদ্দিনকে লন্ডনে আইনি সহায়তা দেবে বাংলাদেশ হাইকমিশন।কারা সূত্র জানায়, গতকাল বেলা দুইটা ২০ মিনিটে মহিউদ্দিনকে কেন্দ্রীয় কারাগার থেকে বাইরে আনা হয়। কারাগারের তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ ও উপসচিব শফিকুল ইসলামের হাতে তাঁকে তুলে দেন। কেন্দ্রীয় কারাগারে আগে থেকেই উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন ও লন্ডন মেট্রোপলিটন পুলিশের দুজন প্রতিনিধি। হস্তান্তরের পর তাঁরা মহিউদ্দিনকে গাড়িতে তুলে নিয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মহিউদ্দিন বাবুল যুক্তরাজ্যে থাকাকালে ১৯৯৭ সালে ব্রিটিশ একজন নাগরিককে খুন করে দেশে চলে আসেন। যুক্তরাজ্যের আদালত ওই হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি পাঠানো হয়। ১৯৯৯ সালের ১১ এপ্রিল সিলেট পুলিশ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকার সময় বাংলাদেশে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পান। বাকি মামলায় জামিন পাওয়ার পর তাঁকে আটকাদেশ দিয়ে কারাগারে রাখা হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।সূত্র জানায়, আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মহিউদ্দিনের পরিবার উচ্চ আদালতে রিট করে। আদালত রিট খারিজ করেন এবং তাঁকে যুক্তরাজ্য সরকারের হাতে তুলে দিতে বলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক প্রথম আলোকে জানান, বাবুলকে মুুক্তি দেওয়ার জন্য নির্দেশনা আসার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাঁর মা-বাবা জানান, তাঁরা অসুস্থ, তাই আসতে পারবেন না। তিনি আরও জানান, মহিউদ্দিন ১৯৯৯ সাল থেকে কারাগারে ছিলেন। লন্ডনে বিচারের সময় যাতে এ তথ্যটি উল্লেখ করা হয়, সে জন্য মহিউদ্দিন কারা প্রশাসনকে অনুরোধ করেছেন।