ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত সে দেশে কতজন বাংলাদেশি আটক আছেন, পরিচয় ও তাঁদের আইনগত সহায়তার তথ্য জানানো হয়েছে কি না, তা দুই মাসের মধ্যে জানানোর নির্দেশও দিয়েছেন। আজ সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এ ছাড়া আদালত সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে আটক ৫৮৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এক মাসের মধ্যে জানাতে বলেছেন। প্রতিবেদনগুলো দেওয়ার জন্য পররাষ্ট্রসচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া শাখার মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালত আটক বাংলাদেশিদের আইনগত সহায়তার তথ্য জানানো এবং ফিরিয়ে আনার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন। উল্লিখিত চারজনসহ ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২৭ অক্টোবর প্রথম আলোতে ‘পশ্চিমবঙ্গে আড়াই হাজারের বেশি বাংলাদেশি কারাবন্দী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহীদুল ইসলাম হাইকোর্টে গতকাল রিট করেন। আজ রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন।