বাংলাদেশিদের ফিরিয়ে আনা তদারকে মিসর গেলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম তদারক করতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ শনিবার সকালে মিসর গেছেন। তাঁকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি সকাল আটটা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ঢাকা ছাড়ার আগে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তিউনিসিয়ার সীমান্তবর্তী অস্থায়ী আশ্রয় শিবিরে প্রায় ১৬ থেকে ১৭ হাজার এবং মিসরের শিবিরগুলোতে প্রায় চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি আছে। বর্তমানে যেভাবে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে, তা অব্যাহত থাকলে আগামী সাত-আট দিনের মধ্যেই ওই দুই দেশের সীমান্তে অপেক্ষমাণ সব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও বিমানবাহিনীর ঘাঁটি ব্যবহার করা হবে।এদিকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকির জন্য পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল শুক্রবার রাতে তিউনিসিয়া গেছেন। প্রসঙ্গত, সরকারের সরাসরি উদ্যোগে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি কাল রোববার প্রায় ৩০০ বাংলাদেশিকে নিয়ে মিসরের আলেকজান্দ্রিয়া থেকে ঢাকায় আসার কথা রয়েছে।