বাংলাদেশিদের ভিসা দিতে কোনো নিষেধাজ্ঞা নেই: ইউএই
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেনি বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ সোমবার ‘নো বাংলাদেশ ভিসা ব্যান, টপ ইউএই অফিসিয়াল সেস’ শিরোনামে ‘গালফ নিউজে’ প্রকাশিত এক সংবাদে এ কথা বলা হয়। ওই সংবাদে দেশটির সহকারী মন্ত্রী মেজর জেনারেল নেছার আল আওয়াদি আল মেনহালি বলেছেন, বাংলাদেশিদের ভিসা দেওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অনেক বিষয় দেখে ভিসা দেওয়া হয়। একটি কোম্পানি থেকে যদি অনেক কর্মী ভিসার জন্য আবেদন করেন এবং তাঁদের মধ্যে যদি কারও যোগ্যতা সন্তোষজনক না হয়, তাহলে তাঁকে ভিসা না-ও দেওয়া হতে পারে। কারণ, আরব আমিরাত সব সময়ই দক্ষ লোক চায়। নেছার আল আওয়াদি বলেন, ‘বর্তমানে আরব আমিরাতে অনেক ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি আছে। আমরা সবার আনুপাতিক হার সমান করতে চাই। এ জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিসা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি এখন মাথায় রাখা হচ্ছে।’ আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে, ব্যবস্থাপক, প্রকৌশলী, চিকিত্সক এসব নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আরব আমিরাতের বিভিন্ন ভিসা আবেদনকেন্দ্র থেকে বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করে থাকে। একজন আবেদনকারীর পক্ষে কেন্দ্রগুলো এসব আবেদন করে থাকে। কেন্দ্রগুলো বলছে, সম্প্রতি বাংলাদেশিরা আবেদন করলেও ভিসা দেওয়া হচ্ছে না। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ঈদের আগ থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আরব অমিরাত। তবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আরব আমিরাত এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি। মন্ত্রী আরও বলেন, ‘আরব আমিরাত বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করছে না—এমন খবর আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আমাদের এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা সেখানে নিয়মিত খোঁজখবর রাখছি। ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এমন খবর সঠিক নয়।’মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো দাবি করে মন্ত্রী বলেন, ‘তারা ভিসা ইস্যু করছে না, এটি ঠিক নয়। তবে তারা সীমিত আকারে ভিসা ইস্যু করছে। নারী কর্মীদের জন্য তারা এখনো ভিসা দিচ্ছে।’