বাংলাদেশিদের মিসর ও তিউনিসিয়ায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া ছাড়তে উন্মুখ কয়েক হাজার বাংলাদেশির মিসর ও তিউনিসিয়ায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত বুধবার রাত থেকে মিসর সীমান্তে অপেক্ষমাণ লোকজন এখনো সেদেশে প্রবেশের অনুমতি পাননি। আর মামুরা থেকে তিউনিসিয়ার উদ্দেশে যাত্রার জন্য অপেক্ষমাণ প্রায় তিন হাজার বাংলাদেশি নিশ্চিত নন, তাঁরা শেষ পর্যন্ত লিবিয়া ছাড়তে পারবেন কি না। কারণ দক্ষিণ কোরিয়ার মালিক পক্ষ তিন হাজার বাংলাদেশিকে তিউনিসিয়ায় পৌঁছানোর দায়িত্ব নিতে আগ্রহী নয়। প্রসঙ্গত, বাংলাদেশিদের কোনো রকম কাগজপত্র ছাড়াই মিসর ও তিউনিসিয়ায় প্রবেশের অনুমতি দিতে দেশ দুটিকে গতকাল বৃহস্পতিবার ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র এই মুহূর্তে বাংলাদেশিদের নেই। তাই তাঁরা বাংলাদেশি, এটা বুঝেই যেন মিসর ও তিউনিসিয়ার অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সীমান্ত পার হওয়ার অনুমতি দেয়—এ অনুরোধ জানানো হয়েছে। ত্রিপোলি থেকে ১৫০ কিলোমিটার দূরে মামুরা এলাকায় একটি শিবিরে আছেন প্রায় তিন হাজার বাংলাদেশি। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশনে কর্মরত প্রকৌশলী নাহিদ পারভেজ আজ ভোরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা র্কতৃপক্ষের কথা অনুযায়ী তিউনিসিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমাদের জানানো হয়, তিউনিসিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ নিতে রাজি নয়। এদিকে আমাদের সীমান্ত পর্যন্ত নিয়ে যেতে লিবিয়ার যেসব বাস ভাড়া করা হয়েছিল, তারা শেষ পর্যন্ত যেতে রাজি হচ্ছে না। এমন অবস্থায় সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, আমাদের লিবিয়া ছাড়া হবে না।’ ওই প্রতিষ্ঠানের অন্য এক কর্মী আলাউদ্দিন ইসলাম দুপুরে ই-মেইলে জানান, শিনহানের ওই শিবিরে অবস্থান নেওয়া দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের প্রায় ৯০ জন লিবিয়া ছেড়ে যাচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশিরা তিউনিসিয়া সীমান্ত পর্যন্ত যেতে পারবেন কি না, এ ব্যাপারে তাঁরা শঙ্কিত। এদিকে গত বুধবার রাতে মিসর সীমান্তে আটকে পড়া প্রণব চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো মিসরে প্রবেশ করতে পারিনি। শুনেছি, পাসপোর্ট ছাড়াই আমাদের মিসরে প্রবেশের অনুমতি দিতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো আমরা লিবিয়ার অংশে রয়েছি। কয়েক ঘণ্টা আগে মিসর সেনাবাহিনীর কিছু সদস্য আমাদের পানি ও শুকনো খাবার দিয়ে গেছেন।’