লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পার্শ্ববর্তী মিসর ও তিউনিসিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট ছাড়াই যাতে তাঁরা ওই দেশ দুটিতে সহজে যেতে পারেন, সে ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আর বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকারী চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যাতে দেশ দুটির সীমান্তে আশ্রয়শিবির খোলে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।এদিকে লিবিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতায় কোনো বাংলাদেশি নাগরিক প্রাণ হারাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ তিনি জানান, লিবিয়া থেকে বাংলাদেশিদের মিসর ও তিউনিসিয়ায় সরিয়ে নিতে দেশ দুটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। এ ছাড়া বাংলাদেশের নাগরিকদের লিবিয়ায় যেসব নিয়োগকর্তা রয়েছেন, তাঁরা যাতে ওই দুই দেশে বাংলাদেশিদের দেখভাল করেন, সে ব্যাপারেও প্রস্তাব দেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশিদের কোনো রকম কাগজপত্র ছাড়াই মিসর ও তিউনিসিয়ায় প্রবেশের অনুমতি দিতে দেশ দুটিকে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র এ মুহূর্তে বাংলাদেশিদের নেই। তাই তাঁরা বাংলাদেশি, এটা বুঝেই যেন মিসর ও তিউনিসিয়ার অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সীমান্ত পেরোনোর অনুমতি দেয়, এ অনুরোধ জানানো হয়েছে।সীমান্তে আটকে পড়েছে ৪৫০: লিবিয়া থেকে মিসর যাওয়ার পথে সীমান্তে আটকে পড়েছে প্রায় সাড়ে ৪০০ বাংলাদেশি। লিবিয়ার বেনগাজিতে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ওই নাগরিকেরা গত বুধবার রাতে মিসরের উদ্দেশে রওনা দেন।আটকে পড়া ব্যক্তিদের একজন কৃষ্ণচন্দ্র পাল গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বুধবার স্থানীয় সময় রাত ১১টার পর তাঁরা মিসর সীমান্তে পৌঁছান। কিন্তু পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র না থাকায় মিসরের অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের সে দেশে ঢুকতে দিচ্ছে না।কৃষ্ণ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকজন ইতিমধ্যে লিবিয়া ছেড়ে গেছেন। নিয়ম অনুযায়ী আমাদের পাসপোর্টগুলো দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের কাছে জমা আছে। এ পরিস্থিতিতে সরকার মিসরের সঙ্গে যোগাযোগ করে কোনো বিকল্প ব্যবস্থা না নিলে আমাদের দেশে ফেরাটা অনিশ্চিত হয়ে পড়বে।’প্রসঙ্গত, লিবিয়ায় এখন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কাজ করছেন। তাঁদের বেশির ভাগই রয়েছেন বেনগাজিতে।ক্যানটিনে আটকে আছেন ৩০০: ত্রিপোলি থেকে মোহাম্মদ জসিমউদ্দিন মুঠোফোনে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তিন দিন ধরে ৩০০ বাংলাদেশি ক্যানটিনে আটকে পড়েছেন। দেশে ফিরতে তাঁরা সরকারের উদ্যোগের অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘আমি গাদ্দাফির ছেলের মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান দাউদিয়া ইসলামি কোম্পানিতে কাজ করি। এটির অবস্থান রিয়াদিয়া ফুটবল স্টেডিয়ামের পাশে। বাংলাদেশি একটি প্রতিষ্ঠান এটি পরিচালনা করে।’ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণকক্ষ: লিবিয়া পরিস্থিতির বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, ওই নিয়ন্ত্রণকক্ষের ঠিকানা হচ্ছে: ভবন নম্বর-৭, কক্ষ নম্বর-৪১৮, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন নম্বর-৭১৬৮৬০৬, ০১৯১৪৮৭১১১৮, ০১৫৫২৩৬৩৫৫১, ০১৮১৯২৬২১৭৫।