লিবিয়ার বানিওয়ালিদ শহরে আবার সহিংসতা শুরু হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে ত্রিপোলি ও এর আশপাশেও। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং যেকোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। বিবিসি ও আল-জাজিরার খবর অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে লিবিয়ার বানিওয়ালিদ শহরে সরকারি বাহিনী ও গাদ্দাফির সমর্থক বিদ্রোহীদের মধ্যে সহিংসতা শুরু হয়।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই সহিংসতা শুরুর পর বাংলাদেশের সব কর্মীকে বানিওয়ালিদ শহরের কেন্দ্রস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ইলেকট্রনিকস নামের একটি স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে একটি চারতলা ভবনে ১৫২ জন বাংলাদেশিসহ ভারত, সুদান, চাদ ও তুরস্কের ৫০০ জন নাগরিক আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ৬৪ জন বাংলাদেশি কর্মী নিজ ব্যবস্থাপনায় নিরাপদে আছেন। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ইলেকট্রনিকস এলাকাটি তুলনামূলকভাবে নিরাপদ হলেও কয়েক দিন ধরে ত্রিপোলি থেকে বানিওয়ালিদে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এখন সবাই আতঙ্কে আছেন। এ ছাড়া বানিওয়ালিদের যুদ্ধের প্রভাব লিবিয়ার অন্যান্য এলাকায়ও পড়তে শুরু করেছে। এ বিষয়ে জানতে চাইলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আহসান কিবরিয়া সিদ্দিকি আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে জানান, দূতাবাস থেকে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সার্বক্ষণিক বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে বানিওয়ালিদে সহিংসতার জের ধরে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী ত্রিপোলিসহ অন্যান্য এলাকার পানি সরবরাহের একমাত্র পাইপলাইনটি বোমা হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপোলি ও আশপাশের এলাকায় দুদিন ধরে পানি সরবরাহ নেই। যেকোনো সময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলেও এখানকার গণমাধ্যমে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় লিবিয়ায় অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০০২১৮৯১৩৭৭৬৯১৪, ০০২১৮৯২৪১৯৬৯০৭ ও ০০২১৮৯১৭৭৭২৭৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আজ বানিওয়ালিদ শহরে সংঘর্ষে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তিন সপ্তাহ ধরেই এই সংঘর্ষ চলছে।